সোশ্যাল মিডিয়ায় পোস্টের জেরে সরকারের নিশানায় তিন প্রভাবশালী সিপিএম নেতা, পাশে প্রাক্তন মুখ্যমন্ত্রী
সোশ্যাল মিডিয়ায় পোস্টের জেরে সরকারের নিশানায় তিন প্রভাবশালী সিপিএম নেতা, পাশে প্রাক্তন মুখ্যমন্ত্রী
ত্রিপুরার (tripura) বিজেপি (bjp) সরকারের নিশানায় সেখান তিন প্রভাবশালী সিপিএম (cpim) নেতা। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের জেরে অভিযোগ দায়েরের জেরে তাঁরা থানায় ইতিমধ্যে হাজিরাও দিয়েছেন। স্বাভাবিকভাবেই তিন নেতার পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (manik sarkar)।

যে যে নেতার নামে অভিযোগ
ত্রিপুরার বিভিন্ন থানায় যে যে নেতার নামে অভিযোগ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন, রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধর, প্রাক্তন তথ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহা এবং প্রাক্তন সাংসদ তথা উপজাতি নেতা জিতেন্দ্র চৌধুরী।

ক্যাডার প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান
অভিযোগ, সাম্প্রতিক সময়ে এই তিন নেতা দলের ক্যাডারদের কাছে সোশ্যাল মিডিয়ায় আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছিলেন। প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা বলেছিলেন, প্রয়োজনে অস্ত্র সংগ্রহ করতে হবে। যার জেরে পুলিশের তরফে হিংসার উস্কানি দেওয়ার মামলা দায়ের করা হয় তিন নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে, থানায় জিজ্ঞাসাবাদের সময় রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর নিজের বক্তব্যকেই সমর্থন করে দিয়েছেন। প্রসঙ্গত তিনি আত্মরক্ষার প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছিলেন। বাকি দুই নেতাও একই কথা বলেছিলেন।

পাশে প্রাক্তন মুখ্যমন্ত্রী
স্বাভাবিক ভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলের নেতাদের পাশেই দাঁড়িয়েছেন। তিনি নেতাদের অবস্থান সমর্থন করে বলেছেন, সবারই আত্মরক্ষার অধিকার রয়েছে। তাঁর দাবি, অভিযুক্ত তিন নেতা কোনও রকমের বেআইনি কিছু করেননি। সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী পুলিশ আধিকারিকরা এই তিন নেতার বয়ানে সন্তুষ্ট হতে পারেননি। আবারও তাঁদের ডাকা হতে পারে বলে জানা গিয়েছে।

টার্গেট ২০২৩
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিজেপির কাছে ক্ষমতা হারায় সিপিএম। তারপর থেকেই বাম নেতা-কর্মীদের ওপরে লাগাতার হামলার অভিযোগ করে আসছে সিপিএম। পরবর্তী নির্বাচনের জন্য দুবছরেরও কিছু কম সময় বাকি রয়েছে। একদিকে বিজেপি যেমন তাঁদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া, অন্যদিকে সিপিএম ফের ক্ষমতা ফিরে পেতে মরিয়া। যদিও সাম্প্রতিক সময়ে উপজাতি পরিষদের নির্বাচনের কোনও প্রভাব দেখাতে পারেনি সিপিএম।












Click it and Unblock the Notifications