তিন তালাক বিল পাসে মরিয়া মোদী সরকার, সমর্থনের ইঙ্গিত রাষ্ট্রপতির
তিন তালাক বিল পাসে মরিয়া মোদী সরকার, সমর্থনের ইঙ্গিত রাষ্ট্রপতির।
তিন তালাক বিল রাজ্যসভায় পাস করানোই এবার বড় চ্যালেঞ্জ মোদী টু সরকারের। বৃহস্পতিবার সংসদের দুই কক্ষে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিন তালাক বিল নিয়ে বিজেপিকে সমর্থনের ইঙ্গিত দিলেন।

রাষ্ট্রপতি বলেছেন, তিন তালাক এবং নিকাহ হালালা প্রথা বন্ধ করা অত্যন্ত জরুরি। মুসলিম নারীদের অধিকার রক্ষার জন্যই এই প্রথা নিষিদ্ধ করা উচিত। মুসলিম মা-বোনেদের কথা ভেবেই তিন তালাক বিল পাস করানোর জন্য সাংসদদের সমর্থন দেওয়া উচিত বলে এদিন যৌথ অধিবেশনে বলেছেন রাষ্ট্রপতি।
সুপ্রিম কোর্ট তিন তালাককে নিষিদ্ধ ঘোষণা করলেও তা আইনে পরিণত না হওয়ায় পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। এখনও একাধিক জায়গায় তিন তালাকের শিকার হতে হচ্ছে মুসলিম নারীদের। এদিকে প্রস্তাবিত তিন তালাক বিলে একাধিক বিষয় অন্ধকারে রয়েছে দাবি করে সংসদে এর বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

গতবারেও লোকসভা অধিবেশনে তিন তালাক বিলের বিরোধিতা করেছিল কংগ্রেস। তাতে সমর্থন জানিয়েছিল বামেরাও। এদিকে ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি তাদের ইস্তেহারে মুসলিম নারীর অধিকার রক্ষায় তিন তালাক বিল আইনে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছে। ভোট প্রচারে একাধিক জায়গায় গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি তিন তালাক বিল পাস করাবেন।
তাই মোদী টু সরকারের প্রথম লোকসভা অধিবেশনেই বিজেপির টার্গেল তিন তালাক বিল পাস করানো। এতে যাতে বেশি বিরোধিতার মুখে পড়তে না হয় সেকারণে ইতিমধ্যেই রাজ্যসভায় শক্তিবৃদ্ধি করতে শুরু করেছে তারা। বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিয়েছেন তিন টিডিপি সাংসদ। আরও এক সাসংসদের বিজেপিতে যোগ দেওয়ার কথা। বিজেপি সাংসদদের সংখ্যা বাড়িয়ে রাজ্যসভায় তিন তালাক বিল পাসের পথ মসৃণ করতে চাইছে বিজেপি।












Click it and Unblock the Notifications