জিএসটির পর এবার এফআরডিআই বিলের বিরোধিতায় তৃণমূল, সংসদে বিক্ষোভ সাংসদদের
এফআরডিআই বিল বা ফিনান্সিয়াল রেজোলিউশন অ্যান্ড ডিপোজিট ইনসিওরেন্স বিল নিয়ে সংসদের ভিতরে ও বাইরে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস।
এফআরডিআই বিল বা ফিনান্সিয়াল রেজোলিউশন অ্যান্ড ডিপোজিট ইনসিওরেন্স বিল নিয়ে সংসদের ভিতরে ও বাইরে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। সংসদের ভিতরে ও বাইরে এই বিলের বিরুদ্ধে তৃণমূল সাংসদরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্লোগান দেন। এই বিলকে ড্রাকোনিয়ান বলে আখ্যা দিয়েছে তৃণমূল কংগ্রেস।

ডেরেকের বিবৃতি
এদিন সংসদের ভিতরে এই বিলের বিরোধিতা করে রাজ্যসভায় বিবৃতি দেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন। সেখানে তিনি বলেন, এফআরডিআই নামে জনগণ বিরোধী একটি বিলেরর জন্য সিলেক্ট কমিটি গঠিত হয়েছে। রাজ্যসভা ও লোকসভা দুই কক্ষের সাংসদরা তাতে রয়েছেন। তবে এখন শোনা যাচ্ছে বিল নিয়ে আলোচনা পিছিয়ে দেওয়া হয়েছে। আসলে এই বিলকে হিমঘরে পাঠানো উচিত। এটা ভয়ঙ্কর বিল।

সংসদে বিক্ষোভ
এদিন সংসদরে বাইরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়, ইদ্রিস আলি সহ সমস্ত তৃণমূল সাংসদরা একজোট হয়ে এফআরডিআই বিলের বিরোধিতা করে স্লোগান দেন।

তৃণমূলের প্রতিবাদ
এই বিলকে ড্রাকোনিয়ান বলে ইতিমধ্যে আখ্যা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের যুক্তি এই বিলের খসড়া অনুযায়ী আমানতকারীদের অধিকার সুরক্ষিত হচ্ছে না। তাছাড়া যেভাবে বিল তৈরি করা হয়েছে তাতে সাধারণ মানুষ অপদার্থতার জেরে সর্বস্ব খোয়াতে পারেন। এবং রিজার্ভ ব্যাঙ্কের এক্তিয়ারেও এই বিল হস্তক্ষেপ করছে।

বিজেপি বিরোধী আন্দোলনে জোর
মূলত বিজেপির আনা এই বিলের বিরোধিতা করেই কেন্দ্র বিরোধী আন্দোলনকে মানুষের মধ্যে নিয়ে আসতে চাইছেন মমতা। বিলের বিরোধিতা সহ সংসদে কীভাবে বিজেপি বিরোধী আন্দোলনকে জোরদার করতে হবে সেজন্য একটি কোর গ্রুপ তৈরি করেছেন মমতা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, দীনেশ ত্রিবেদী, সুখেন্দুশেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন। বিলের খারাপ দিকগুলি তুলে ধরে প্রচার করাই তাঁদের লক্ষ্য।












Click it and Unblock the Notifications