Fact Finding Team: বিজেপির পাল্টা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৃণমূলের, ৫ সদস্যের প্রতিনিধিদল পাঠানো হচ্ছে মণিপুরে
Fact Finding Team: ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে এবার বিজেপি বনাম তৃণমূল। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানোর ঘোষণা করেছে বিজেপি।
তার কয়েক মিনিটের মধ্যেই পাল্টা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৃণমূল কংগ্রেসের। ৫ সদস্যের প্রতিনিধিদলকে ১৪ জুলাই পাঠানো হচ্ছে মণিপুরে।

আজ তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, মণিপুরে যে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধিদল পাঠানো হচ্ছে তাতে থাকছেন দলের চার সাংসদ। তাঁরা হলেন ডেরেক ও'ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার ও দোলা সেন। জুলাইয়ের ১৪ তারিখ তাঁরা মণিপুর যাবেন। পরে এই তালিকার সুস্মিতা দেবের নাম সংযোজিত হয়।
বিজেপির ডাবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছে, আমাদের সাংসদরা দুর্গত এলাকাগুলিতে যাবেন। সহমর্মিতা জানিয়ে সেখানকার মানুষের পাশে থেকে তাঁদের যন্ত্রণা, কষ্ট লাঘব করে কিছুটা স্বস্তি প্রদানের প্রয়াস চালাবেন। ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যের মানুষজনকে বিজেপি ৩ মাস ধরে অবহেলা করছে বলে অভিযোগ টিএমসির।

মণিপুরে হিংসার ঘটনায় বিজেপিই উস্কানি দিচ্ছে বলে আগে থেকেই দাবি করেছে তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মণিপুরে শান্তি ফেরানোর জন্য যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইতিমধ্যেই রাহুল গান্ধী মণিপুরে গিয়ে সেখানকার হিংসা কবলিত এলাকার মানুষজনের সঙ্গে থাকার বার্তা দিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র মণিপুর সফরকেও কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি ফেরাতে কেন এতটা সময় লাগছে সেই প্রশ্নও উত্থাপন করেন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যের অশান্তি, হিংসা, প্রাণহানির ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী ৩৫৫ বা ৩৫৬ ধারা জারির পক্ষে সওয়াল করেন।
Manipur visit by @Aitcofficial delegation. 5 member delegation. includes @sushmitadevAITC
— All India Trinamool Congress (@AITCofficial) July 10, 2023
যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা বলেন, এখানে এই দাবি করার আগে মণিপুরে গিয়ে সেটা করুক বিজেপি। রবিশংকর প্রসাদের নেতৃত্বে বিজেপির চার সদস্যের প্রতিনিধিদল রাজ্যে এসে পঞ্চায়েত নির্বাচনে হিংসা কবলিত এলাকা ঘুরে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট দেবে। এই প্রতিনিধিদলের বাংলায় থাকার কথা দিন তিনেক।
সেই ঘোষণার পরই মণিপুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের পাল্টা পদক্ষেপ রাজনৈতিক মহলে যথেষ্টই তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications