চেন্নাই-এগমোর এক্সপ্রেসের কোচের বেসে ফাটল! কর্মীর তৎপরতায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা
ওড়িশার বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতে এখনো প্রলেপ পড়েনি, এর মধ্যেই আরো এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চেন্নাই-এগমোর এক্সপ্রেস। চেন্নাই-এগমোর এক্সপ্রেসের কোচের বেসে ফাটল দেখা দেয়। তারপরই কর্মীর তৎপরতায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
রেলওয়ের এক কর্মী লক্ষ্য করেন চেন্নাই-এগমোর এক্সপ্রেস কোচের বেসে ফাটল রয়েছে। তারপরই পতাকা উত্তোলিত করে তিনি সতর্ক করে দেন। কর্মীর তৎপরতায় এ যাত্রায় আরো একটি দুর্ঘটনা থেকে রক্ষা পায় এক্সপ্রেস ট্রেনয রেলের আধিকারিকরা তারপরই যাত্রীদের অন্য বগিতে সরিয়ে কোচটি আলাদা করে দেন।

শুক্রবারের করমণ্ডল এক্সপ্রেস-সহ তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষের পর রবিবার আরেকটি বড়ো ট্রেন দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। তামিলনাড়ুর সেনগোতাই স্টেশনে প্রবেশ করার সময় চেন্নাই-এগমোর এক্সপ্রেসের চাকার উপরে একটি কোচের গোড়ায় বিশাল ফাটল লক্ষ্য করেছিলেন এক রেলকর্মী।
দক্ষিণ রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, রেলওয়ে কর্মীরা বিকেল ৩টে ৩৬ মিনিটে এস-থ্রি কোচে ফাটল লক্ষ্য করার পরে কোচটিকে আলাদা করা হয়। অন্যান্য কোচে যাত্রীদের সরিয়ে দিয়ে তারপর গন্তব্যে রওনা দেয় ট্রেনটি। দেড় ঘন্টা বিলম্বের পরে ট্রেনটি মাদুরাইয়ের উদ্দেশ্যে রওনা হয় বিকেল ৪টে ৪০ মিনিটে।
দক্ষিণ রেলওয়ে জানিয়েছে, কর্মীদের নজরদারির জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। মাদুরাই ডিভিশনের রেলওয়ে ম্যানেজার ওই কর্মীকে পুরস্কৃত করবেন। কর্মীদের এই ধরনের কাজের জন্য উৎসাহিত করবেন। তাঁরা যাতে আরো সতর্ক হয়ে রেল দুর্ঘটনার হাত থেকে সাধারণ যাত্রীদের রক্ষা করতে পারেন, তার জন্য উৎসাহ জোগাবেন।

দুদিন আগেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছে ওড়িশার বালেশ্বরে। বহু প্রাণ চলে গিয়েছে। বহু মানুষ এখো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বালেশ্বরের দুর্ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যাত্রী নিরাপত্তা শিকেয়। এই পরিস্থিতিতে আরো সতর্কতা জরুরি। তাহলে এত মানুষের জীবন মুহূর্তের মধ্যে বিপদে পড়ত না।
শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ওড়িশার বালেশ্বরে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায়। তারপর সেখানে ডাউন যশবন্তপুর এক্সপ্রেসও লাইনচ্যুত হয়ে জড়িয়ে পড়ে দুর্ঘটনায়। তিনটি ট্রেনের কামরা একাকার হয়ে যায়।

এই ঘটনায় মানুষের ক্ষয়ক্ষতি তো হয়েছিলই, রেল ট্র্যাক লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। রেললাইনের পাত পর্যন্ত উঠে গিয়েছিল, ভেঙে দুমড়ে-মুচড়ে গিয়েছিল ট্রেন লাইন। এই দুর্ঘটনার পর শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছনো থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধার কার্যে তদারকি থেকে শুরু ট্রেনের বগি সরানো এবং রেললাইন মেরামতের কাজের দেখভাল করেন। রবিবার রাতে অভিশপ্ত ডাউন লাইনে ট্রায়াল রান হয়।












Click it and Unblock the Notifications