বালেশ্বরের কাছে দুর্ঘটনায় ৩ ট্রেন! ক্ষতিপূরণ ঘোষণা রেলমন্ত্রীর, বাতিল প্রধানমন্ত্রীর কর্মসূচি
ওডিশার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে আপ করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়িতে গিয়ে ধাক্কা মারে শালিমার থেকে চেন্নাইগামী ট্রেনটি। এ ছাড়াও ডাউন যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস পাশেই বেলাইন হয়েছে।
করমণ্ডল ও মালগাড়ির সংঘর্ষে ইতিমধ্যেই মৃতের সংখ্যা শতাধিক। আহতের সংখ্যা চারশো ছুঁয়েছে। উদ্ধারকাজ যত এগোবে ততই মৃত ও আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। অনেককেই গুরুতর আহত অবস্থায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা গিয়েছেন। তারই মধ্যে দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে রেল মন্ত্রকের তরফে।
রেলমন্ত্রী টুইটে জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা ও যাঁদের তুলনামূলক কম চোট লেগেছে তাঁদের ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য করা হবে।

রেলের তরফে মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, বালেশ্বরের কাছে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি কোচ বেলাইন হয়। সেই বগিগুলি পাশের লাইনে গিয়ে পড়ে। যার ফলে ডাউন যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসের ৩-৪টি বগি বেলাইন হয়। ভদ্রক ও খড়গপুর থেকে চিকিৎসকদের দলও গিয়েছে দুর্ঘটনাস্থলে।

ভিডিও লিঙ্কের মাধ্যমে মাদগাঁওয়ে আগামীকাল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ওই স্টেশনে হাজির থাকার কথা ছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। কিন্তু তিনি দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সে কারণে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে।
পশ্চিমবঙ্গ থেকে ২৫টি অ্যাম্বুল্যান্স, ১২ জন চিকিৎসক ও ২টি শববাহী গাড়ি বালেশ্বর পাঠানো হয়েছে। ওডিশার স্বাস্থ্য সচিব জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ৫০টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। চিফ ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার তাঁর টিম নিয়ে দুর্ঘটনাস্থলে রয়েছেন। অন্যান্য জেলা থেকে ৫০ জন চিকিৎসক পাঠানো হচ্ছে।












Click it and Unblock the Notifications