Train Accident: নর্থ ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের! ঘটনাস্থল পরিদর্শন কেন্দ্রীয় মন্ত্রীর
Train Accident: বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে দিল্লি থেকে অসমগামী নর্থ ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত। এই ট্রেনের ২১ টি বগি লাইনচ্যুত। এই ঘটনায় ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। কম বেশি ৫০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে অসমের কামাখ্যা যাচ্ছিল। পূর্ব মধ্য রেলের দানাপুর বিভাগের রঘুনাথপুর স্টেশনের কাছে বুধবার রাত ৯.৩৫ নাগাদ ২১ টি বগি লাইনচ্যুত হয়। পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন অন্তত ৫০ জন আহত হয়েছেন।

প্রথমে স্থানীয়রাই উদ্ধারে হাত লাগান। পরে জেলা প্রশাসন উদ্ধারের কাজে হাত লাগায়। ঘটনায় গুরুতর আহতদের এইমস পটনায় রেফার করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে যান রেলে পদস্থ আধিকারিকরা। উদ্ধার কাজ তদারকি করেন তাঁরা। এদিন এক্স হ্যান্ডেলে রেলমন্ত্রী জানিয়েছেন, উদ্ধার কাজ সম্পূর্ণ। যাত্রীদের শীঘ্রই বিশেষ ট্রেনে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
এই দুর্ঘটনায় ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হয়। যার জেরে গুরুত্বপূর্ণ রুটে যাতাযাতকারী বহু ট্রেন আটকে পড়ে। অনেকগুলি ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হয়। কিছু ট্রেন বাতিল করা হয়। আবার কিছু ট্রেনকে রুট পরিবর্তন করতে হয়।
এদিন ভোরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বক্সারের সাংসদ অশ্বিনী চৌবে। স্থানীয় মানুষ যেভাবে ত্রাণ কার্যে সহযোগিতা করেছেন, তার প্রশংসা করেন তিনি। এদিকে ট্রেন দুর্ঘটনার কথা মাথার রেখে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এইমস পটনা এএবং আশপাশের সব হাসপাতালকে সতর্ক করেছেন। তিনি বক্সার ও আরা জেলার ডিএম এবং এসপির সঙ্গে কথা বলেন।
এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন নর্থ-ইস্ট এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছেন। সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার রাতের দুর্ঘটনার পরে ফের একবার যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা গত জুন মাসে ওড়িশার বালাসোরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় চারমাস পরে ফের ট্রেন দুর্ঘটনা। ওড়িশার দুর্ঘটনা ২৯৬ জনের মৃত্যু হয়েছিল।












Click it and Unblock the Notifications