কর্নাটক বিধানসভা নির্বাচনের সামনে বাড়ছে জটিলতা! প্রার্থী বাছাই নিয়ে 'কঠিন পরিস্থিতি'র মুখে বিজেপি
কর্নাটকে ভোট ঘোষণার পরে বিভিন্ন জনমত সমীক্ষার ফলে বিজেপির ফিরে আসা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে রাজ্যের ২২৪ টি আসনের মধ্যে বহু আসনেই বিভিন্ন সমস্যার মধ্যে শাসক বিজেপি। এর মধ্যে অন্যতম হল প্রার্থী বাছাই। একটই আসনে অনেক দাবিদার থাকায় মুসকিলে পড়েছে শাসক শিবির।
এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বিজেপির টিকিট বন্টন প্রক্রিয়া চলতে পারে ২০ এপ্রিল পর্যন্ত। যা কিনা প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যে অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বাসব রাজ বোম্বাই এবং অন্য বিজেপি নেতারা। ২২ সদস্যের কমিটি বুধবার দুদিনের বৈঠক শেষ করেছে।

সূত্রের খবর অনুযায়ী সেখানে ১২৪ টি নির্বাচনী এলাকার জন্য ২ থেকে ৩ টি করে নাম চূড়ান্ত করেছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখেই রাজ্য বিজেপি সবকটি নির্বাচনী এলাকার জন্যই অন্তত দুটি করে নাম বাছার প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। এমন কী মুখ্যমন্ত্রী বোম্বাইয়ের শিগগাঁও থেকেই দুটি নাম সুপারিশ করা হয়েছে।
বিজেপির পদক্ষেপের পিছনে কারণও রয়েছে। যদি বর্তমান কোনও বিধায়কের বিরুদ্ধে এলাকায় বড় কোনও ক্ষোভ থেকে থাকে, তাহলে তাঁকে সরিয়ে দ্বিতীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার পক্ষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এছাড়াও যদি কোনও বর্তমান বিধায়ক নির্বাচনী এলাকা পরিবর্তন করতে চান, তার জন্যও বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে।
প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করলেও, বিজেপি এখনও প্রথম তালিকা প্রকাশ করতে পারেনি। সূত্রের খবর অনুযায়ী, এই সপ্তাহের শেষে দিকে রাজ্য বিজেপির প্রথম তালিকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে অবশ্য দলের বর্তমান দুই বিধায়ক শ্রীনিবাস শেঠি এবং এসএ রবীন্দ্রনাথ অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

হাভেরি, চান্নাগিরি এহং মুদিগেরের মতো কোনও কোনও জায়গায় বিধায়করা মামলার সম্মুখীন। সেক্ষেত্রে এই আসনগুলিতে প্রার্থী নাম ঘোষণায় দেরি হতে পারে। এই আসনগুলিতে বিজেপির টিকিটের দাবিদারও অনেক। সবাই প্রার্থী হতে চান।
রাজ্য বিজেপি সূত্রে খবর, বর্তমান সব বিধায়ককেই মনোনয়ন দেওয়ার সম্ভাবনা। ইতিমধ্যে বেশ কিছু আসনে বহু সংখ্যক টিকিট প্রত্যাশীর দাবি সামনে এসেছে। আসনগুলির মধ্যে রয়েছে গুব্বি, বাইলহঙ্গল, আথানি, কুন্দগোলের মতো জায়গা। বিদ্রোহীরা হমকিও দিয়েছে। এই আসনগুলিতে বর্তমান বিধায়ক ছাড়াও সিনিয়ররাও টিকিটের দাবিদার। ফলে কঠিন পরিস্থিতির মুখোমুখি বিজেপি।












Click it and Unblock the Notifications