১৩ জন ছাত্রীকে যৌন হেনস্থা, কৃষ্ণগিরিতে আয়োজিত এনসিসি ক্যাম্প আসলে ভুয়ো?
তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সামনে আসে৷ এনসিসি ক্যাম্পে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশের চক্ষু চড়কগাছ। কারণ, কেঁচো খুঁড়তে বেরিয়ে গিয়েছে কেউটে।
এক জন ছাত্রী নয়, ১৩ জন ছাত্রী যৌন নির্যাতনের শিকার। এনসিসি ক্যাম্পে এই ঘটনা হয় কীভাবে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ইতিমধ্যেই ১১ জনকে ঘটনায় গ্রেফতার করেছে। তার মধ্যে ওই বেসরকারি স্কুলের প্রিন্সিপালও আছেন। কিন্তু তদন্তে নেমে আরও নাড়িয়ে দেওয়া তথ্য হাতে এসেছে পুলিশের।

তদন্তে উঠে এসেছে, বেসরকারি ওই স্কুলের কোনও এনসিসি ইউনিট ছিল না। একটি দল এই দাবি নিয়ে স্কুল পরিচালন কমিটির সঙ্গে যোগাযোগ করেছিল। তারপরেই ওই এনসিসি ক্যাম্পের আয়োজন করা হয়। জানা গিয়েছে, ওই ক্যাম্প আসল ছিল না। কীভাবে এই ক্যাম্পের আয়োজন করা হল? সেই বিষয়েও তদন্ত চলছে। স্কুল কি সঠিক ভাবে সেই ট্রেনিং ইউনিটের কাগজপত্র খতিয়ে দেখেছিল? সেই প্রশ্ন উঠছে।
চলতি মাসের শুরুতে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। স্কুলের ১৭ জন ছাত্রী সহ প্রায় ৪১ জন শিক্ষার্থী তাতে যোগ দিয়েছিল। ছাত্রীদের প্রথম তলায় স্কুল অডিটোরিয়ামে থাকার ব্যবস্থা করা হয়েছিল। ছেলেরা গ্রাউন্ড ফ্লোরে থাকত। ক্যাম্পের তদারকির জন্য কোনও শিক্ষক নিয়োগ করা হয়নি। এনসিসি ক্যাম্পের মেয়েরা অভিযোগ করেছে, তাদের অডিটোরিয়াম থেকে বের করে দেওয়া হয়। যৌন হেনস্থার শিকার হয় তারা।
পুলিশি তদন্তে সামনে এসেছে সেই এনসিসি ক্যাম্প আসলে ছিল জাল। দলটি স্কুলেও একই ধরনের ক্যাম্প পরিচালনা করেছিল কি? সেই বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে। পসকো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ছাত্রীদের শারীরিক পরীক্ষাও হয়েছে বলে খবর৷ জেলা শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকেও পদক্ষেপ করা হচ্ছে৷












Click it and Unblock the Notifications