নতুন বছরে বড়সড় লক্ষ্মী লাভ! শীর্ষ ধনকুবেরদের তালিকায় বেজোস-মাস্ককেও পিছনে ফেললেন গৌতম আদানি
নতুন বছরে বড়সড় লক্ষ্মী লাভ! শীর্ষ ধনকুবেরদের তালিকায় বেজোস-মাস্ককেও পিছনে ফেললেন গৌতম আদানি
কোভিড আবহে ইতিমধ্যেই চূড়ান্ত মন্দার মুখ দেখেছে অধিকাংশ সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্র। যদিও এহেন প্রতিকূল পরিস্থিতির মাঝেও বিশ্বের নামিদামি শিল্পপতিদের পকেট কমবেশি ভারীর দিকেই থেকেছে। গত বছর জুড়ে ভারতীয় অর্থনৈতিক ক্ষেত্রে একদিকে যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার মুকেশ আম্বানির রমরমা ছিল তুঙ্গে, একইভাবে উঠে এসেছে আরও এক ভারতীয় শিল্পপতির নাম।

আমাজন-টেসলাকে ছাপিয়ে আদানি
সর্বোচ্চ আয়ের নিরিখে গত বছরের অধিকাংশ সময় জুড়ে আমাজনের জোফ বেজোস ও টেসলার ইলন মাস্কের মধ্যে দড়ি-টানাটানি চললেও এ বছরে এখনও পর্যন্ত এগিয়ে আদানি গ্রূপের সর্বেসর্বা গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, ২০২১-এ গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ১,৬২০ কোটি ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫,০০০ কোটি মার্কিন ডলারে!

বাণিজ্যের প্রসার ঘটাচ্ছে আদানি গ্রূপ
আন্তর্জাতিক সূত্রের খবর, এ বছর ইলন মাস্কের মোট আয় ১,০৩০ কোটি ডলারের কাছাকাছি থাকলেও জোফ বেজোসের মন্দা ছুঁয়েছে ৭৫৯ কোটি ডলারের মাত্রা! জানা গেছে, আদানির স্টকগুলির মধ্যে একটিতে হঠাৎ আর্থিক বৃদ্ধির কারণেই তাঁর এহেন উত্থান। ইতিমধ্যে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ২৬তম স্থানে উঠে এসেছেন আদানি। তথ্যপ্রযুক্তি ক্ষেত্র ও বিমানবন্দরের ক্ষেত্রে বাণিজ্যের প্রসার ঘটাচ্ছে আদানি গ্রূপ, সূত্রের খবর এমনটাই।

৮০০ কোটিতে বিক্রি আদানির শেয়ার
আদানি পোর্টস ও স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, আদানির ০.৪৯% শেয়ার প্রায় ৮০০ কোটি টাকায় কিনে নিতে চলেছে উইন্ডি লেকসাইড ইনভেস্টমেন্ট লিমিটেড! পাশাপাশি কোভিড আবহেও চড়চড়িয়ে বেড়েছে আদানির শেয়ারের মূল্য, ভারতীয় অর্থনৈতিক সূত্রে খবর এমনটাই। গত একবছরে আদানির শেয়ারের মূল্য যে বেড়েছে প্রায় চারগুণ, তাও জানিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

আর্থিক শ্রীবৃদ্ধির নিরিখে দ্বিতীয় গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ
আন্তর্জাতিক সূত্র অনুযায়ী, আর্থিক শ্রীবৃদ্ধির নিরিখে তালিকায় দ্বিতীয় গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। পেজের সম্পত্তির বৃদ্ধি হয়েছে প্রায় ১,৪৩০ কোটি মার্কিন ডলার। যদিও মোট সম্পত্তির নিরিখে বিশ্বে এখনও পয়লা স্থানে রয়েছেন জেফ বেজোস (১৮,৩০০ কোটি ডলার)। তালিকায় খুব একটা পিছিয়ে নেই আম্বানি। মুকেশের আর্থিক সম্পত্তির পরিমাণও প্রায় ৮,৪৮০ কোটি মার্কিন ডলার।












Click it and Unblock the Notifications