কাশ্মীরে স্কুলবাসে হামলা পাথর নিক্ষেপকারীদের, জখম হল ক্লাস টু-এর ছাত্র
দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার জাভুরা এলাকায় স্থানীয় রেইনবো স্কুলের ছাত্রদের বাসের ওপর পাথর-নিক্ষেপকারীদের নক্কারজনক হামলায় গুরুতর জখম হয়েছে দুই নাবালক।
দুই হিজবুল মুজাহিদীন কমান্ডারঃএর মৃত্যুকে কেন্দ্র করে কাশ্মীরে অশান্তি অব্যাহত। একদিনের বনধ-এর পর বুধবার থেকে অবস্থা স্বাভাবিক হবে বলে আশা ছিল প্রশাসনের। কিন্তু এদিন দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় একটি স্কুলবাসের ওপর নক্কারজনক হামলা চালালো পাথর-নিক্ষেপকারীরা। সেসময় বাসটিতে প্রায় পঞ্চাশজন ছাত্র ছিল। তার মধ্যে দুই নাবালক পাথরের আঘাতে গুরুতর জখম হয়।

পুলিশ জানিয়েছে, শোপিয়ানের জাভুরা এলাকা স্থানীয় রাইনবো স্কুলের ছাত্রদের নিয়ে বাসটি য়াচ্ছিল। সেসময় চলন্ত বাস লক্ষ্য করেই নির্বিচারে পাথর ছুরতে থাকে ওই দুষ্কৃতীরা। বাসের জানলার কাঁচ ভেঙে যায়। পাথরের আঘাতে জখম দুই ছাত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের একজন দ্বিতীয় শ্রেনীর ছাত্র রেহান গরসাই। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে শ্রীনগরের শের-ই-কাশ্মীর মেডিকাল ইন্সস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার কথা জানাজানি হতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে উপত্যকা জুড়ে। মুখ্য়মন্ত্রী মেহবুবা মুফতি ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছেন। ট্য়ুইটারে তিনি লেখেন, 'শোপিয়ানে স্কুল বাসের এপর হামলার কথা জেনে একই সঙ্গে বিস্মিত ও ক্ষুব্ধ। এই অর্থহীন কাপুরুষোচিত কাজ যারা করেছে, তাদের সবার বিচার হবে।'
তবে এদিনের ঘটনার জন্য মেহবুবা সরকারের পাথর নিক্ষেপকারিদের অ্যামনেস্টি দেওয়া বা ক্ষমা করার মনোভাবকেই দায়ী করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, 'তারা যুক্তিসম্মত আচরণ করবে ভেবেই পাথর নিক্ষেপকারীদের অ্য়ামনেস্টি দেওয়া হয়েছে। কিন্তু এই গুন্ডারা সেই সুযোগকে আরও পাথর ছোরার কাজে লাগাচ্ছে।' পাথর নিক্ষেপকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'স্কুলছাত্রদের ওপর বা পর্যটকদের বাসে পাথর ছুরে পাথরনিক্ষেপকারীদের কী উদ্দেশ্য সাধন হচ্ছে? সর্বস্তরে এই ঘটনার নিন্দা হওয়া উচিত।'
মুখ খুলেছেন আহত ছাত্র রেহানের বাবাও। তিনি বলেন, 'পাথরের আঘাতে আমার ছেলে আহত হল, এটা অমানবিক। আমার ছেলের জায়গায় অন্য কারোর ছেলে হলেও এটাই বলতাম।'
এদিকে শোপিয়ানের এসএসপি শৈলেন্দ্র কুমার মিশ্র জানান, পুলিশ এব্যাপারে একটি মামলা দায়ের করেছে। তিনি বলেন, 'আমরা হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছি। যখনই পরিচয় সামনে আসবে, ওদের গ্রেফতার করা হবে।' ডিআইজি শেষ পাল বৈদ বলেন, 'অল্পবয়েসী স্কুলছাত্রদের যেভাবে নিশানা করা হল, এটা পাগলামী ছাড়া কিছু না। এই অপরাধীদের বিচার হবে।'
অন্যদিকে ফের জম্মুর কাঠুয়া এলাকা থমথমে। এক সংখ্যালঘু ছাত্রকে কোপানোর অভিযোগ উঠেছে তারই দুই হিন্দু সহপাঠীর বিরুদ্ধে। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।












Click it and Unblock the Notifications