সমস্যা বাড়ল আপের, তোমরকে বিহারে নিয়ে গিয়ে 'জাল' ডিগ্রি যাচাই করবে পুলিশ
নয়াদিল্লি, ১২ জুন : ভুয়ো শংসাপত্র মামলায় গ্রেফতার হওয়া দিল্লির আম আদমি পার্টির আইনমন্ত্রী জীতেন্দ্র সিং তোমর আরও সমস্যায় পড়তে চলেছেন।
আজ শুক্রবার তাঁকে দিল্লি পুলিশের একটি দল বিহারে নিয়ে গিয়ে শংসাপত্র যাচাইয়ের কাজ করবে। [দিল্লির আইনমন্ত্রীর গ্রেফতারি নিয়ে কে কি বললেন]

জানা গিয়েছে, দিল্লি পুলিশের সাতজনের একটি দল তোমরকে মুঙ্গেরের 'বিশ্বনাথ সিং ইনস্টিটিউট অব লিগ্যাল স্টাডি কলেজ' ও ভাগলপুরের 'তিলকা মাঝি বিশ্ববিদ্যালয়'-এ নিয়ে যাবে।
দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, সেখানে তোমরের সামনেই তাঁর জাল শংসাপত্রগুলি যাচাই করা হবে। এছাড়াও তার আগে তোমরকে ফৈজাবাদের 'কেএস সাকেত পিজি কলেজ' ও 'আরএমএল অবধ বিশ্ববিদ্যালয়'-এ নিয়ে যাওয়া হবে। অভিযোগ সেখান থেকেই তোমর বিএসসি ডিগ্রি পেয়েছেন বলে দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, ফৈজাবাদের কলেজে নিয়ে গিয়ে তদন্ত করার সময় তোমর কলেজের ক্লাসরুম, ল্যাবরেটরি কোনটাই সনাক্ত করতে পারেননি। ফলে জাল ডিগ্রি মামলায় তোমর সহজে ছাড়া পাবেন না বলেই নিশ্চিত পুলিশ।
প্রসঙ্গত, আপ মন্ত্রী জীতেন্দ্র তোমরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ১২০ (বি) ধারায় জাতিয়াতি, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র ইত্যাদির মামলা করা হয়েছে।












Click it and Unblock the Notifications