নোটবন্দি থেকে এয়ারস্ট্রাইক, পড়ুয়াদের সঙ্গে কথোকথনেও মোদীকে আক্রমণ রাহুলের
নোটবন্দি থেকে বেকারত্ব, এয়ার স্ট্রাইক থেকে প্রতিশ্রুতি পূরণ, পুনেতে পড়ুয়াদের সঙ্গে কথোপকথনেও রাহুল গান্ধীর আক্রণের লক্ষ্য সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকার।
নোটবন্দি থেকে বেকারত্ব, এয়ার স্ট্রাইক থেকে প্রতিশ্রুতি পূরণ, পুনেতে পড়ুয়াদের সঙ্গে কথোপকথনেও রাহুল গান্ধীর আক্রণের লক্ষ্যে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকার। সেই সঙ্গে রাজনীতিক হিসেবে তাঁর সফল উত্থান সম্পর্কে বলতে গিয়ে, পড়ুয়াদের নিজের উপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন কংগ্রেস সভাপতি। তাঁর দৃঢ় বিশ্বাস, সঠিক নীতি ও অভিজ্ঞতা থেকেই আসে সাহস। নিজেকেই এর উদাহরণ হিসেবে পড়ুয়াদের সামনে তুলে ধরেছেন রাহুল গান্ধী। বলেছেন, নীতিহীনতার জন্যই আগামী লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি আসন্ন।

সর্বনাশা নোটবন্দি
রাহুল গান্ধীর অভিযোগ, পরিকল্পনা ছাড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের নোটবন্দির সিদ্ধান্ত দেশে সর্বনাশ ডেকে এনেছে। এর প্রভাবে দেশের জিডিপির হার ২ শতাংশ কমে যাওয়ার পাশাপাশি বেকারত্ব বেড়েছে বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি। নোটবন্দির জেরে দেশের যা ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়া সম্ভব নয় বলেই দাবি করেছেন রাহুল গান্ধী।

কাজের সুযোগ কমে যাওয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের রাজত্বে কাজের সুযোগ বৃদ্ধির হারও উল্লেখযোগ্য ভাবে কমেছে বলেও দাবি করেছেন কংগ্রেস সভাপতি। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে পরিস্থিতির পরিবর্তনের আশ্বাসও দিয়েছেন রাহুল গান্ধী।

ফাঁকা প্রতিশ্রুতি
রাহুল গান্ধীর দাবি, ক্ষমতায় আসার আগে দেওয়া প্রতিশ্রুতি পাঁচ বছরে পূরণ করতে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। কিন্তু তিনি ও তাঁর দল ফাঁকা প্রতিশ্রুতি দেন না বলেই জানিয়েছেন কংগ্রেস সভাপতি। তাঁদের সব কথাই একশো শতাংশ সঠিক বলেও দাবি রাহুল গান্ধীর।

এয়ার স্ট্রাইকের কৃতিত্ব বায়ুসেনার
পাকিস্তানের ভূখণ্ড বালাকোটে এয়ার স্ট্রাইকের সম্পূর্ণ কৃতিত্ব ভারতীয় বায়ুসেনার বলেই দাবি করেছেন রাহুল গান্ধী। সেনার এই সাফল্যকে বিজেপি লোকসভা ভোটের প্রচারে কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি।
সবশেষে ছাত্র সমাজের উদ্দেশে রাহুল গান্ধীর বার্তা, অভিজ্ঞতা সঞ্চয় করুন। তারপর এমন প্রশ্ন করুন, যার উত্তর দিতে সমস্যায় পড়েন রাজনীতিকরা। ছাত্র সমাজই দেশের ভিত্তি বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications