বিহারে SIR বিতর্কে এবার ক্যাট কুমার! কটাক্ষ তৃণমূলের
ডগ বাবু, সোনালিকা ট্রাক্টর, ডোনাল্ড ট্রাম্প, রামের পর এবার ক্যাট কুমার! SIR ইস্যুতে যখন দেশের রাজনীতি সরগরম, তখন এই ক্যাট কুমারের আবির্ভাব গোটা প্রক্রিয়ায় অন্য মাত্রা যোগ করল। তবে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
স্পেশ্যাল ইনটেনসিভ রিভিসনে ভোটার কার্ড যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আর সেই শংসাপত্রের আবেদনের ক্ষেত্রেই অত্যাশ্চর্য নানা নাম সামনে আসছে। এবার যেমন হলো রোহতাসে। সেখানে দেখা যাচ্ছে আবেদনকারীর নাম ক্যাট কুমার। বাবা ও মায়ের নামের জায়গায় লেখা যথাক্রমে ক্যাটি বস ও ক্যাটিয়া দেবী।

বিষয়টি সামনে আসতেই রোহতাসের জেলাশাসক উদিতা সিংয়ের নির্দেশে নাসরিগঞ্জের রাজস্ব আধিকারিক কৌশল প্যাটেল অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুয়ো আবেদনের উৎস সন্ধানে তদন্ত শুরু হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ, ভুয়ো নাম, ঠিকানা ও ছবি ব্যবহার করে অনলাইন ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে। এতে সরকারি কাজের প্রক্রিয়া যেমন বাধাপ্রাপ্ত হচ্ছে, তেমনভাবেই সরকার ও নাগরিক পরিষেবার ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে।
গত মাসেই পাটনার মাসাউড়হি ব্লকে ডগ বাবুর নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু হতেই বিরোধীরা নিশানা করেছিল বিজেপি তথা এনডিএকে। ডগ বাবুর বাবা ও মায়ের নাম উল্লেখ করা ছিল যথাক্রমে কুত্তাবাবু ও কুত্তিয়াদেবী। সেই সার্টিফিকেটে স্বাক্ষর ছিল রেভিনিউ অফিসার মুরারী চৌহানের। গত সপ্তাহে ভুয়ো আধার নম্বর ও ছবি ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের নামে আবেদন জমা পড়েছিল। সমস্তিপুরের মহিউদ্দিননগর ব্লকের হাসানপুর গ্রামের বাসিন্দা হিসেবে শংসাপত্রের আবেদন জমা পড়ে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। তিনি আরও জানান, রাজা দশরথ ও মা কৌশল্যার সন্তান বলে রামের আবেদন জমা পড়েছে খাগাড়িয়া জেলার অযোধ্যা গ্রাম উল্লেখ করে। এই তো এসআইআরের অবস্থা! এমনকী সীতা কিংবা কাকের নামেও আবেদন জমা পড়েছে। এ সবের সঙ্গেই এবার যোগ হলো বিড়াল!
তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বিজেপিকে নিশানা করে বলেন, এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে ছেলেখেলা করছে ডাবল ইঞ্জিন সরকার। মনে রাখবেন, কুকুর, বিড়ালদের ভোটে আপনারা জেতেননি। জিতেছেন মানুষের ভোটে। সেই মানুষজনের কাছ থেকে দেশের মাটি কেড়ে নেওয়া হচ্ছে। আমরা তাই SIR-এর বিরোধিতা করছি। এই ব্যবস্থায় আধার, ভোটার, রেশন কার্ডের গুরুত্ব নেই। আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের। সেখানেই কুকুর, বিড়াল, ট্রাম্প, ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট! কুকুর, বিড়ালকে সার্টিফিকেট দিলে বিজেপি তাহলে তাদের কাছেই যেন ভোট চাইতে যায়, মানুষের কাছে যেন না আসে।












Click it and Unblock the Notifications