বিজেপির পথ কণ্টকময়! তৃণমূলের অপসারিত ‘রাজ্য সভাপতি’র রাজনৈতিক ভবিষ্যৎ জল্পনায়
বিজেপির পথ কণ্টকময়! তৃণমূলের অপসারিত ‘রাজ্য সভাপতি’র রাজনৈতিক ভবিষ্যৎ জল্পনায়
তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে অপসারিত হয়েছেন সদ্য। তারপর ১০ দিন কেটে গিয়েছে, কিন্ত তিনি পরবর্তী পদক্ষেপ নেননি। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন, এই আশঙ্কা করেই তড়িঘড়ি তাঁকে রাজ্য সভাপতি পদ থেকে সরানো হয়েছিল। কিন্তু তিনি এখন বিজেপিতে যোগ দেওয়ার চিন্তা ছেড়ে তৃণমূলে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করেছেন।

বিজেপি থেকে মুখ ফিরিয়ে তৃণমূলে সক্রিয় হতে চাইছেন!
ফলে প্রশ্ন উঠেছে, তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে অপসারিত হয়েও ফের দলে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন কেন সুবল ভৌমিক। তবে কি বিজেপি তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নাকি তিনি অন্য কোনও রাজনৈতিক অবস্থান নিতে চাইছেন। তা এখনও অস্পষ্ট। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া কার্যকলাপে পরিস্ফুট তিনি তৃণমূলে সক্রিয় হতে চাইছেন।

ত্রিপুরায় তৃণমূলের বিস্তার লাভের মুখ ছিলেন সুবল ভৌমিক
মাত্র চার মাস আগে ত্রিপুরায় রাজ্য কমিটি গঠন করেছিল তৃণমূল। আর সেই কমিটির মাথায় বসানো হয়েছিল সুবল ভৌমিককে। কংগ্রেস থেকে যোগ দেওয়া সুবল ভৌমিককে মুখ করেই এবার তৃণমূল ত্রিপুরায় বিস্তার লাভের চেষ্টা করছিল। আর পর্যবেক্ষক হিসেবে তাঁর মাথার উপরে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেব।

রাজ্য সভাপতি অপসারিত, তৃণমূল বেশ খানিকটা ব্যাকফুটে
এই পরিস্থিতিতে মাত্র চার মাসের মধ্যে দলের রাজ্য সভাপতিকে অপসারিত করতে হওয়ায় তৃণমূল বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিল। এখন কে বসবেন সুবল ভৌমিকের চেয়ারে, তা নিয়ে জল্পনা চলছে। সম্প্রতি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাসকে তৃণমূলে যোগদান করিয়ে রাজ্য সভাপতির ভাবনা প্রকট হয়েছিল। তবে তা এখনও বাস্তবায়িত হয়নি। এখনও রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবই দায়িত্ব সমালাচ্ছেন।

তৃণমূলের কর্মসূচির পোস্টার-হোর্ডিং ব্যাকগ্রাউন্ডে, ছবি পোস্ট
এদিকে তৃণমূলের রাজ্য সভাপতি পদ থেকে অপসরিত হওয়ার পর সুবল ভৌমিক বলেছিলেন, তাঁর সঙ্গে কোনও যোগাযোগ না করেই, তাঁকে কোনও কিছু না জানিয়েই তৃণমূল এই সিদ্ধান্ত নিয়েছে। তারপর থেকে একপ্রকার রাজনৈতিক অন্তরালেই ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তৃণমূলের কর্মসূচির পোস্টার-হোর্ডিং ব্যাকগ্রাউন্ডে রেখে একাধিক ছবি পোস্ট করেছেন।

তৃণমূল কংগ্রেসকে কোনও বার্তা গিয়ে চাইছেন সুবল ভৌমিক?
তৃণমূলের কর্মসূচির ছবি ব্যাকগ্রাউন্ডে রেখে সুবল ভৌমিকের কেক কাটর ছবি পোস্ট করা হয়েছে তাঁর অ্যাকাউন্ট থেকে। সেখানে ত্রিপুরা তৃণমূলের একাধিক সদস্যও রয়েছেন। এর ফলেই রাজনৈতিক মহলের জল্পনা, তবে কি তিনি তৃণমূল কংগ্রেসকে কোনও বার্তা গিয়ে চাইছেন? ফের ফিরতে চাইছেন সক্রিয় রাজনীতিতে?

বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হওয়ার পর
সুবল ভৌমিককে রাজ্য সভাপতি করার পর প্রথম নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। ত্রিপুরা বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হওয়ার পর অসন্তুষ্ট ছিল দল। তারপর বেশ কিছুদিন ধরেই তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। তাঁর উদ্দেশে বিষোদ্গার করেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন রাজ্য সম্পাদক বাপ্টু চক্রবর্তী।

বিজেপিতে যোগদান অনিশ্চিত, কংগ্রেসও ফেরাতে আগ্রহী নয়
তৃণমূল কংগ্রেস সুবল ভৌমিককে মুখ করেই ত্রিপুরায় এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। বিজেপি তাঁর উপর হালা করেছিল, তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই নেতার বিজেপি-যোগ নিয়ে গুঞ্জন ওঠে। তৃণমূল তাঁকে দায়িত্ব থেকে অব্যহতি দিলেও বিজেপির একাংশের আপত্তিতে তাঁকে নেওয়া হয়নি বলে রাজনৈতিক মহলের অভিমত। ফলে তাঁর বিজেপিতে যোগদান অনিশ্চিত হয়ে পড়ে। আর কংগ্রেসও তাঁকে ফেরাতে আগ্রহ প্রকাশ করেনি। এই অবস্থায় তিনি ফের তৃণমূলে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেই আভাস।












Click it and Unblock the Notifications