মমতার বিরুদ্ধে দাঁড়ানো প্রার্থীর সঙ্গে কথা! গোয়ায় তৃণমূলের লক্ষ্য তারকারা, অপেক্ষা চমকের
মমতার বিরুদ্ধে দাঁড়ানো প্রার্থীর সঙ্গে কথা! গোয়ায় তৃণমূলের লক্ষ্য স্টারেরা, চমকের অপেক্ষা
ত্রিপুরা (Tripura) ছাড়াও তৃণমূল (Trinamool Congress) তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লক্ষ্য হল গোয়া (Goa)। ইতিমধ্যেই তৃণমূল সেখানে কংগ্রেসে ভাঙন ধরিয়েছে। সাতবারের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন তৃণমূলে। পাশাপাশি গোয়ার নির্বাচনের আগে আরও অনেক চমক অপেক্ষা করছে বলেই জানানো হয়েছে তৃণমূলের তরফে। কেননা সেখানে ডেরেক ও'ব্রায়েন একাধিক স্টারের সঙ্গে বৈঠক করে তাঁদের মতামতকে তৃণমূলের পক্ষে করেছেন বলে দাবি করা হয়েছে।

তৃণমূলের লক্ষ্য সব ধরনের মানুষের সঙ্গে কথা বলা
প্রশান্ত কিশোরের আইপ্যাক প্রাথমিক সমীক্ষা করার পরে তৃণমূলের তরফে গোয়ায় পাঠানো হয় দুই সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। তাঁরা ইতিমধ্যেই রাজনীতিক ছাড়াও সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথা বলেছেন, একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব ইতিমধ্যে তৃণমূলে যোগদান করেছেন। ডেরেক ও'ব্রায়েন জানিয়েছেন, সমাজের সব ধরনের মানুষের সঙ্গে তাঁরা কথা বলছেন। সাই দেখা যাবে, তৃণমূলে সমাজের সব স্তরের মানুষের যোগদান করছেন।

ছবি পোস্ট নাফিসা আলির
এদিকে ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে কথা বলার পরে নাফিসা আলি একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল গোয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি খুশি বলেও জানিয়েছেন। দেশের একজন প্রাণবন্ত নেতার প্রয়োজন এবং তিনি খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন গোয়ায় একজন ভাল নেতা প্রয়োজন, যিনি ভবিষ্যতের কথা ভাবতে পারেন। এর আগে নাফিসা আলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী বলেও সম্বোধন করেছেন। নাফিসা আলি বর্তমানে গোয়ার বাসিন্দা।

পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িয়ে নাফিসা আলির নাম
নাফিসা আলি অভিনেত্রী, মডেল এবং রাজনীতিক। তবে তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতা। তাঁর জন্ম এই শহরে। নাফিসার বাবা আহমেদ আলি বাঙালি মুসলিম। মা ছিলেন রোমান ক্যাথলিক। তাঁর দাদু ছিলেন এস ওয়াজেদ আলি। লেখক হিসেবেই তিনি পরিচিত ছিলেন। কলকাতার লা মার্টিনিয়ার স্কুলে পড়াশোনা তাঁর। তার স্বামী হলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত কর্নেল আরএস সোধি।

রাজনীতিতে নাফিসা আলি
কংগ্রেসের সঙ্গে বরাবরের যোগাযোগ তাঁর। ২০০৪-এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে একটি মাত্র আসন পেয়েছিল। সেটি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আসনটি ছিল দক্ষিণ কলকাতা। সেই দক্ষিণ কলকাতায় কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাফিসা আলি। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ৩৯৩,৫৬১ ভোট পেয়েছিলেন, সেখানে নাফিসা আলি পেয়েছিলেন ৬০,৩৭৭ ভোট। তবে ২০০৯ সালে তাঁকে হঠাৎই সমাজবাদী পার্টির টিকিটে লখনৌ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়। তবে ২০০৯-এর নভেম্বরেই তিনি ফেল কংগ্রেস যোগদান করার কথা জানিয়েছিলেন এবং বলেছিলেন, বাকি জীবনের জন্য পুরনো দলেই ফিরছেন।

আরও চমকের অপেক্ষা
পাশাপাশি ডেরেক ও'ব্রায়েন কথা বলেছেন লাকি আলির সঙ্গেও। তিনি বছরের বেশিরভাগ সময় গোয়াতেই থাকেন। যদিও তৃণমূলের তরফে ডেরেক ও'ব্রায়েনের দৌত্য সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি। তারা শুধুই বলেছেন গোয়ার জন্য আরও চমক অপেক্ষা করছে। তবে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া যাওয়ার আগে হবে না তিনি গোয়ায় গেলে হবে, তা বলবে সময়ই। প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ায় যাওয়ার কথা রয়েছে পুজোর পরেই।












Click it and Unblock the Notifications