Shatrughan Sinha: শুধু গোমাংস নয়, মাছ-মাংস খাওয়া বন্ধ হোক সারা দেশে, সওয়াল 'বিহারীবাবু'র
নয়া দিল্লি: উত্তরাখণ্ডে সম্প্রতি যে ইউনিফর্ম সিভিল কোড (UCC) জারি করা হয়েছে, তার প্রশংসা করলেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। তাঁর দাবি, এরকম আইনই জারি হওয়া উচিত গোটা দেশ জুড়ে। তিনি মনে করছেন, সর্বত্র আমিষ খাবার খাওয়া বন্ধ করা হোক। সাংসদের মতে, এভাবে দেশের একপ্রান্তে নিয়ম জারি করা কঠিন।
সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, দেশের একাধিক জায়গায় গোমাংস খাওয়া বন্ধ হয়েছে। তবে আমি মনে করি, শুধুমাত্র গোমাংস নয়, গোটা দেশে মাছ-মাস সব খাওয়াই বন্ধ হওয়া উচিত। তিনি আরও উল্লেখ করেন, উত্তর-পূর্বের বেশ কিছু জায়গায় এখনও গোমাংস খাওয়া চলছে, তবে উত্তর ভারতে যে সেটা কোনও ভাবেই সম্ভব নয়, সে কথাই বললেন শত্রুঘ্ন।

একসময় বিজেপিতে থাকা শত্রুঘ্ন সিনহা বছর কয়েক আগে তৃণমূলে যোগ দেন। তবে বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোডকে পূর্ণ সমর্থন করেছেন তিনি। তবে তাঁর দাবি, নিয়ম সর্বত্র এক হওয়া উচিত। উল্লেখ্য়, বিজেপি দীর্ঘদিন ধরেই ইউনিফর্ম সিভিল কোড চালু করার কথা বলছে। সে ক্ষেত্রে বিয়ে, ডিভোর্স, দত্তক নেওয়ার নিয়ম সব ধর্মের জন্য সমান হবে।
শত্রুঘ্ন সিনহা চান, ইউনিফর্ম সিভিল কোড জারি করার জন্য সর্বদলীয় বৈঠক হওয়া জরুরি। প্রত্যেকের কাছ থেকে মতামত নিতে হবে। কারণ তাঁর মতে, এটা শুধু ভোটব্যাঙ্কের জন্য নয়, এই নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই গুরুত্ব দিয়ে বিচার করতে হবে।
ভারতে প্রথম ও একমাত্র উত্তরাখণ্ডেই প্রথম ইউনিফর্ম সিভিল কোড জারি হয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে জারি হয়েছে এই নিয়ম। এই নিয়ম অনুযায়ী, বিয়ে থেকে লিভ ইন- সব ক্ষেত্রেই রেজিস্ট্রেশন করতে হবে। ছেলে ও মেয়েকে সম্পত্তির সমান অধিকার দিতে হবে। লিভ ইন সম্পর্কে সন্তান জন্ম নিলে, তার দায়িত্ব দুজনকেই নিতে হবে। বিয়ে, বিচ্ছেদ বা উত্তরাধিকার সংক্রান্ত ইউনিফর্ম সিভিল কোড নিয়ে যাতে কোনও প্রশ্ন না থাকে, তার জন্য পুষ্কর সিং ধামীর নেতৃত্বাধীন বিজেপি সরকার উত্তরাখণ্ডে একটি পোর্টালও চালু করেছে।












Click it and Unblock the Notifications