Saugata Roy: পিঠে ব্যথা, ঘাম! হঠাৎ হাসপাতালে সৌগত রায়; "রোহিত বিতর্কের অবসান হবে," আশাবাদী অসুস্থ TMC সাংসদ
Saugata Roy: লোকসভার অধিবেশন চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ (TMC MP) সৌগত রায়। সংসদ থেকে বেরোনোর সময় ঘাম হতে থাকে। বসে পড়েন দমদমের প্রবীণ সাংসদ। হুইল চেয়ারে বসিয়ে তাঁকে সতীর্থরা অধিবেশন কক্ষ থেকে বের করে নিয়ে যান। এরপর তাঁকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে রবিবার ভারত চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর থেকেই সৌগত রায়কে ঘিরে মিমের বন্যা বয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর কারণ, রোহিতের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌগত রায়। ভারতীয় ক্রিকেট দলেই রোহিতের থাকা উচিত নয় বলে মন্তব্য করেছিলেন সৌগত। বিরোধী দলের নেতারা থেকে নেটিজেনরা সকলেই সৌগতর সমালোচনা করেন।

বছর ৭৭-এর সাংসদের কী কী সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তবে এদিন সংসদের বাইরে সৌগত রায় বলেন, "রোহিত শর্মাকে নিয়ে বলেছিলাম ঠিকই, সেসময় রোহিত শর্মা ভালো খেলছিল না। আমি বলেছিলাম, যার টিমেই চান্স পাওয়া উচিত না, তার ক্যাপ্টেন হওয়া তো দূরের কথা। সৌভাগ্যবশত, পরপর চারটে খেলায় খারাপ করার পর রোহিত শর্মা গতকাল ভালো খেলেছেন।"
রোহিত শর্মাকে নিয়ে তাঁর করা মন্তব্যে বিতর্কের অবসান হবে বলে আশা ব্যক্ত করেন সৌগত রায়। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলা প্রসঙ্গে তিনি বলেন, "৭৬ রান করেছেন, যদিও ধৈর্য না হারালে সেঞ্চুরি করতে পারতেন। আমি অভিনন্দন জানিয়েছি। ভারত জিতে গেছে। রোহিত ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। আমি আশা করি এবার এই বিতর্ক শেষ হবে।"
প্রসঙ্গত, এদিন সংসদে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ তুলে সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "মহারাষ্ট্র, হরিয়ানার সঙ্গে একইরকম কারচুপি করা হয়েছে। পরের বছর বাংলা ও অসমের ভোটেও এভাবে ঝাঁপাতে চলেছে ওরা। পুরো ভোটার তালিকা সংশোধন করতে হবে।" এব্যাপারে নির্বাচন কমিশনকেও ভুলের জবাব দিতে হবে বলে মন্তব্য করেন দমদমের তৃণমূল সাংসদ।












Click it and Unblock the Notifications