প্রধানমন্ত্রী আর যে কেউ হোন মোদীকে চাইছেন না দেশবাসী, মণিপুরের ঘটনার প্রসঙ্গ টেনে বিস্ফোরক মহুয়া মৈত্র
মণিপুরের ঘটনার পর দেশবাসী প্রধানমন্ত্রী মোদীর উপরে আস্থা হারিয়েছেন। সেকারণে তাঁকে আর প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন না কেউ। তাঁর জায়গায় অন্য কাউকে চাইছেন দেশবাসী। মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ইস্যুতে এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।
গতকাল সংসদে বিরোধীদের কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি কংগ্রেসকে নিশানা করে সেই জমানায় উত্তর-পূর্বের রাজ্যগুলির অবস্থা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। কংগ্রেস কোনওদিনই উত্তর-পূর্বকে ভারতের অংশ বলে মনে করেনি বলে দাবি করেছেন তিনি।

মণিপুরে গত তিন মাস ধরে অশান্তি থামছেই না। মেইতেই আর কুকি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুই মহিলাকে নগ্নকরে হাঁটানোর ছবি ঘিরে গোটা দেশ উত্তাল। বিরোধীরা গোটা বাদল অধিবেশন জুড়ে সংসদ ভবনে বিক্ষোভ দেখিয়েছে। রাষ্ট্রপতির কাছে গিয়ে মোদী সরকারের জবাব তলব করে নালিশ জানিয়েছে। এমনকী সংসদে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধীরা।
গতকাল রাহুল গান্ধী মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন মণিপুরে ভারত মাতাকে হত্যা করা হয়েছে। দেশদ্রোহী মোদী বলেও আক্রমণ করেছেন তিনি। এমনকী প্রধানমন্ত্রী মোদীকে রাবণের সঙ্গেও তুলনা করেছেন রাহুল গান্ধী।
বৃহস্পতিবারক আবার তার জবাবে প্রধানমন্ত্রী মোদী পাল্টা কংগ্রেস এবং রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন কংগ্রেস জমানায় আরও বেশি খারাপ পরিস্থিতি ছিল মণিপুরে। সেখানে কেবল সেনাবাহিনীর বুটের শব্দ শোনা যেত। নারীেদর কোনও নিরাপত্তা ছিল না।
এদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নতুন দাবি শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। মণিপুর নিয়ে সংসদে যা বিতর্কের ঝড় বয়েছে তার পরে আর গোটা দেশ প্রধানমন্ত্রী পদে মোদীকে চাইছেন না। মোদী না হলে তাহলে কে বসবেন পদে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু মোদীকে কোনও ভাবেই আর প্রধানমন্ত্রী পদে চাইছেন না দেশবাসী এমনই দাবি করেছেন তৃণমূল সাংসদ।
তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনায় একদিনের জন্য আসার প্রয়োজন মনে করেননি প্রধানমন্ত্রী মোদী। শেষ দিন এসে বিরোধীদের কেবল আক্রমণ করে গিয়েছেন। মণিপুর ইস্যুতে শুধু বিরোধীদের জবাব দিতেই অস্বীকার করেননি মোদী মণিপুরে যেতেও চাননি তিনি। এর থেকেই স্পষ্ট কে বেশি দেশপ্রেমী।












Click it and Unblock the Notifications