অবশেষে মণিপুর যাত্রা, হিংসা বিধ্বস্ত মানুষের পাশে থাকার বার্তা নিয়ে তৃণমূলের প্রতিনিধি দল
এখনও অশান্ত মণিপুর। উত্তর পূর্বের এই রাজ্যে অশান্তি যেন থামছেই না। একাধিক জায়গায় এখনও দফায় দফায় চলছে সংঘর্ষ। তারই মাঝে পরিস্থিতি খতিয়ে দেখতে এবং হিংসা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে আজ সেখানে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।
৫ জনের প্রতিনিধি দল আজ সকালে বিমানে ইম্ফলের উদ্দেশ্য রওনা হন। সেই পাঁচ সদস্যের দলে রয়েছেন, সুস্মিতা দেব, ডেরেক ওব্রায়েন, কাকল ঘোষদস্তিদার, দোলা সেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁরা ইম্ফলে পৌঁছে গিয়েছেন। ২ দিন তাঁরা মণিপুরে থাকবেন।

এর আগে জুন মাসে তাঁদের মণিপুরে যাওয়ার কথা ছিল কিন্তু সেসময় অনুমোদন দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেকারণে তৃণমূল কংগ্রেস কোনও প্রতিনিধিদল পাঠাতে পারেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও মণিপুরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। মণিপুর জ্বলছে দেড় মাসেরও বেশি সময় ধরে অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে একটা কথাও বলেননি। এই নিয়ে সুর চড়িয়েছিল তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল ২ দিন মণিপুরে থাকবে। তাঁরা হিংসা বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। চূড়াচন্দ্রপুর এবং ইম্ফল ঘুরে দেখবেন তাঁরা। হেলিকপ্টার আছে কি নেই সেকথা কিছু জানানো হয়নি। তবে সেরকম কিছু না পেলে গাড়িতেই তাঁরা ঘুরে দেখবেন গোটা এলাকা।
গত দেড়মাস ধরে মেইই এবং নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল মণিপুরে। কুকি সম্প্রদায় মেইই সম্প্রদায়ের সংরক্ষণের বিরোধিতা করে রাস্তায় নেমেছিল। তারপরে সেটি হিংসাত্মক সংঘর্ষে পরিণত হয়। সেনা নামিয়েই হিংসা থামানো যায়নি। শেষে পদত্যাগ পর্যন্ত করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তাঁর পদত্যাগ পত্র ছিঁড়ে ফেলে দিয়েছিলেন এক মহিলা। সেই অশান্তির আঁচ এখনও থামেনি মণিপুরে।












Click it and Unblock the Notifications