TMC Attacks Congress: বারবার মুলতুবি! “কংগ্রেস চায় না অধিবেশন হোক,” জোট শরিককেও আক্রমণ তৃণমূলের
Parliament:সংসদে শীতকালীন অধিবেশনের ১৩ তম দিনেও হইহট্টগোল। বিরোধীদের তীব্র প্রতিবাদে ফের মুলতুবি (Adjournment) হয়ে গেল সংসদের দুই কক্ষই। দুপুর ১টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। অন্যদিকে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। এদিকে সংসদে নিজেদের ইস্যুতে সুর চড়াতে না পেরে জোট শরিক কংগ্রেসকেই আক্রমণ শানাল তৃণমূল (tmc)।
বৃহস্পতিবার নানা ইস্যুতে উত্তপ্ত হল লোকসভা (Lok Sabha)। অন্যদিকে ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে রাজ্যসভায় (Rajya sabha) হইচই বিরোধী সাংসদদের। রাজ্যসভায় জর্জ সোরোস ইস্যুতে কংগ্রেসকে তুলোধনা করেন বিজেপি সাংসদ জেপি নাড্ডা। একই ইস্যুতে লোকসভায় কংগ্রেসের বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। যার জেরে উত্তপ্ত হয় সংসদের দুই কক্ষই।

সনিয়া ও সোরোস যোগের অভিযোগ তুলে একের পর এক প্রশ্ন ছুড়তে থাকেন নিশিকান্ত দুবে (BJP MP Nishikant Dubey)। রাজীব গান্ধী ফাউন্ডেশনের পেছনে সোরোসের অনুদান রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এরপরই প্রতিবাদে পাল্টা সুর তোলে কংগ্রেস (Congress)। আসন ছেড়ে উঠে প্রতিবাদ জানাতে থাকে ইন্ডির অন্যান্য শরিকরাও। এমনকী ওয়েলে নেমেও বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। নিশিকান্তকে থামানোর জন্য স্পিকারের কাছে দাবি জানাতে থাকেন তারা।
এদিকে লাগাতার অধিবেশন মুলতুবি হওয়ার জেরে কংগ্রেস ও বিজেপিকে একযোগে আক্রমণ করল তৃণমূল। এদিন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) বলেন,"বিজেপি ও কংগ্রেস চাইছে সংসদ বারবার মুলতুবি হোক। আমাদের ইস্যুগুলি নিয়ে বলতেই দেওয়া হচ্ছে না। কংগ্রেস নিজেই যদি অধিবেশন না চায়, আমরা কী বলব।"
তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলে দিয়েছেন সংসদে অধিবেশন যাতে নির্বিঘ্ন থাকে তা দেখতে। বাংলার অনেক সমস্যা রয়েছে। দিল্লির সরকার বাংলাকে টাকা দেয় না। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ইস্যু নিয়ে বলবে তৃণমূল। ১০০ দিনের কাজের টাকা দেয় না। আবাস যোজনার টাকা দেয় না। মমতা ব্যানার্জিকে বারবার আটকানোর চেষ্টা করে বিজেপি। কিন্তু কিছুই বলার সুযোগ হচ্ছে না।"
পাল্টা তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। ইন্ডি জোটকে কটাক্ষ করে তিনি বলেন, "এরাই তো প্রধানমন্ত্রী হিসেবে মমতাকে তুলে ধরেছিল। ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এরাই এনেছিল। একই ইন্ডি জোটের শরিক এরা। তৃণমূলের মুখে এ কথা শোভা পায় না। কংগ্রেস এটার উত্তর দিতে পারবে। অনাস্থাতেও যাব, আবার বিরুদ্ধে কথা বলব, এটা তো হতে পারে না।"












Click it and Unblock the Notifications