Tirupati Prasad Row: তিরুপতির প্রসাদে কেন্নো! লাড্ডু বিতর্কের মাঝেই পুণ্য়ার্থীদের দাবি ঘিরে হইচই
Tirupati Prasad Row: ফের প্রসাদ নিয়ে বিতর্ক অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে (Tirupati Temple)। তবে এবারে লাড্ডু (Laddu row) নিয়ে নয়। তিরুমালা মন্দিরের প্রসাদে কেন্নো (Insect in Prasad) মিলেছে বলে অভিযোগ। শনিবার এমনই অভিযোগ করেন চন্দু নামে এক পুণ্য়ার্থী (Devotee)। অন্নভোগে কেন্নো মিলেছে বলে অভিযোগ তুলে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।
অভিযোগকারী ওই যুবক জানান, ওয়ারাঙ্গাল থেকে শনিবার মন্দির দর্শনে আসেন তিনি। মাথা মুণ্ডনের পর দুপুরে প্রসাদ গ্রহণে বসলে চোখ কপালে ওঠার জোগাড়। অন্নপ্রসাদে কেন্নো দেখতে পান বলে অভিযোগ ওই যুবকের।

সঙ্গে সঙ্গে স্থানীয় আধিকারিককে জানালে তারা অভিযোগে কোনও কর্ণপাতই করেননি বলে অভিযোগ। উল্টে এরকমটা আকছার হয়ে থাকে বলে সাফাই দিতেও নাকি শোনা যায় মন্দিরের আধিকারিকদের মুখে। এরপরই মন্দির কর্তৃপক্ষের চরম উদাসীনতায় ক্ষোভে ফেটে পড়েন ওই পুণ্য়ার্থী।
নিরূপায় হয়ে প্রসাদের ছবি ও ভিডিয়ো তোলার চেষ্টা করলে ওই যুবককে বাধা দেওয়া হয় বলেও দাবি। অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে প্রসাদের পাতা থেকে পোকা আসতে পারে বলে যুবককে জানায় মন্দির কর্তৃপক্ষ। এই প্রসাদ গ্রহণ করলে যখন তখন মৃত্য়ু ঘনিয়ে আসতে পারে বলেও অভিযোগ তোলেন ওই পুণ্য়ার্থী।
তবে ওই যুবক একা নন, এদিন একই অভিযোগ তোলেন বেশ কয়েকজন পুণ্যার্থী। মন্দির কর্তৃপক্ষকে জানালে তারা পুণ্যার্থীদের ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেন বলে অভিযোগ। লাড্ডু বিতর্কের পর মন্দিরের প্রশাসনিক বোর্ডে রদবদল হলেও একই পরিমাণ উদাসীনতা রয়ে গিয়েছে বলে অভিযোগ পুণ্যার্থীদের।
যদিও প্রসাদে কেন্নো থাকার অভিযোগ উড়িছে তিরুমালা তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। এনিয়ে অফিসিয়াল বিবৃতি জারি করে তারা জানিয়েছে, কেন্নো থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে। পুণ্যার্থীদের নির্দ্বিধায় প্রসাদ গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা। যদিও লাড্ডু বিতর্কের পর ফের একবার প্রশ্নের মুখে মন্দির কর্তৃপক্ষের ভূমিকা।
তিরুপতির লাড্ডু তৈরির ঘি-তে পশুর চর্বি মিশ্রিত থাকার অভিযোগে ব্য়াপক বিতর্কের জন্ম নেয়। সেই নিয়ে মাথাব্যথার মাঝেই এবার প্রসাদে কেন্নো পাওয়ার অভিযোগ। যদিও মন্দির কর্তৃপক্ষের পাল্টা দাবি, মন্দিরকে কলুষিত করার জন্য চক্রান্ত চলছে। পুণ্যার্থীদের ভাবাবেগে আঘাত করার প্রচেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications