ভোট ঘোষণার আগেই কড়া নিরাপত্তা, দুই দফায় পশ্চিমবঙ্গে আসছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গে নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যে আগাম কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। দুই দফায় মোট ৪৮০ কোম্পানি বাহিনী পাঠানো হবে বলে রাজ্য প্রশাসনকে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি অনুযায়ী, আগামী ১ মার্চের মধ্যে প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছবে। এর মধ্যে থাকবে ১১০ কোম্পানি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, ৫৫ কোম্পানি সীমান্তরক্ষা বাহিনী, ২৭ কোম্পানি ভারত তিব্বত সীমান্ত পুলিশ, ২৭ কোম্পানি সশস্ত্র সীমা বল, ২১ কোম্পানি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী।

দ্বিতীয় দফায় ১০ মার্চের মধ্যে আরও ২৮০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। তার মধ্যে থাকবে ১২০ কোম্পানি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, ৬৫ কোম্পানি সীমান্তরক্ষা বাহিনী, ২০ কোম্পানি ভারত তিব্বত সীমান্ত পুলিশ, ১৯ কোম্পানি সশস্ত্র সীমা বল, ১৬ কোম্পানি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী।
সব মিলিয়ে প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে নামানো হচ্ছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি বিশেষ নিবিড় সংশোধনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। তার ঠিক পরদিন থেকেই শুরু হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর আগমন। ফলে ভোটের আগেই নিরাপত্তা প্রস্তুতি যে জোরকদমে শুরু হয়ে গেল, তা স্পষ্ট।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রায় ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল ও ভোট হয়েছিল আট দফায়। এবার কত দফায় ভোট হবে, তা অনেকটাই নির্ভর করছে বাহিনীর মোট সংখ্যার উপর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এক দফাতেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে বলে সূত্রের খবর।
কমিশন সূত্রে ইঙ্গিত, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই পশ্চিমবঙ্গ সহ কেরল, তামিলনাড়ু, অসম ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর এই আগাম মোতায়েন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।












Click it and Unblock the Notifications