'মুখ্যমন্ত্রীকে ভোট দিন' প্রচারেই কাত বিজেপি! ভোটের ময়দানে সফর আত্মপ্রকাশ সুখবিন্দর সিং সুখুর স্ত্রীর
হিমাচল প্রদেশের দেরা বিধানসভা আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর। তিনি ওই আসনে বিজেপির হোশিয়ার সিংকে পরাজিত করেছেন।
দেরায় ১০ রাউন্ড গণনার পরে কমলেশ ঠাকুর পেয়েছেন ৩২৭৩৭ ভোট, অন্যদিকে বিজেপির হোসিয়ার সিং পেয়েছেন ২৩৩৩৮ ভোট। অর্থাৎ ৯৩৯৯ ভোটে জয়ী হয়েছেন কমলেশ ঠাকুর।

প্রচারে কমলেশ ঠাকুর বলেছিলেন, বিধায়ককে নয়, মুখ্যমন্ত্রীকে ভোট দিন। দেরার জনগণ মুখ্যমন্ত্রীকে ভোট দেওয়ার পথই বেছে নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর স্ত্রীর এই প্রচারেই কার্যত কাত হয়ে গিয়েছে বিজেপি।
বিজেপি কমলেশ ঠাকুরকে বহিরাগত বলে প্রচার করেছিল. পাল্টা কমলেশ ঠাকুর বলেছিলেন, তিনি দেরার মেয়ে। তিনি বিজেপির হোশিয়ার সিংকে জনগণের কাছে মিথ্যা বলা এবং প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ করেছিলেন। এইভাবে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচার করেন কমলেশ ঠাকুর। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুও স্ত্রীর জন্য প্রচার করেছিলেন। এই প্রথমবার স্বামী-স্ত্রী বিধানসভার সদস্য হচ্ছেন।
দেরায় কমলেশ ঠাকুরের এই জয়ের ফলে হিমাচল প্রদেশ বিধানসভায় তিনি হবেন দ্বিতীয় মহিলা বিধায়ক। এর আগে লাহুল স্পিতির অনুরাধা রানা কংগ্রেসের বিধায়ক হিসেবে জয় পেয়েছেন।
এই জয়ের পরে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দেরার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর কমলেশ ঠাকুর বলেছেন, দেরার মেয়ে জয় পেয়েছে, এবার সেখানে দ্রুত উন্নয়ন হবে। দেরায় জয়ের পরে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর মর্যাদাই শুধু বাড়েনি, দলে তাঁর বিশ্বাসযোগ্যতাও বেড়েছে। গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের সময় হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার সমস্যার পড়েছিল। পরবর্তী সময়ে ছয়টি আসনের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী তাঁর রাজনৈতিক দক্ষতা প্রমাণ করেছিলেন। তারপর আবারও উপনির্বাচনে জয় পেল কংগ্রেস।
প্রথমবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে প্রথমবারেই জয় পেয়েছেন কমলেশ ঠাকুর। অর্থাৎ নির্বাচনী রাজনীতিতে তাঁর সফল আত্মপ্রকাশ। তাঁর জন্ম ১৯৭০ সালের ২ এপ্রিল, হিমাচল প্রদেশের কাঁড়া জেলার দেরা মহকুমার নালসোহা গ্রামে। তিনি চণ্ডীগড়ের সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ করেছেন। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনে পিজি ডিপ্লোমাও করেছেন তিনি। গত প্রায় কুড়ি বছর ধরে তিনি হিমাচল প্রদেশের কংগ্রেস কমিটির সক্রিয় সদস্য।












Click it and Unblock the Notifications