কেরলে ট্রেনে আগুনে মৃত তিন! সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি, সন্ত্রাসের অভিযোগেরও তদন্ত
কেরলের কোঝিকোডের এলাথুরের কাছে রেল ট্র্যাকে এক শিশু-সহ তিনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এই ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে সহযাত্রীদের ওপরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিন রেলের আধিকারিকরা জানিয়েছেন এই ঘটনায় আটজন আহত হয়েছেন।
|
তর্কের পরে যাত্রীর গায়ে আগুন
তদন্তকারী আধিকারিকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, রবিবার রাতে কোঝিকোড জেলার এলাথুরের কাছে আলাপ্পুঝা-কান্নুর এক্সপ্রেসে তর্কের পরে এক ব্যক্তি এক যাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন। অন্যযাত্রীরা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ট্রেনের ডি-১ কোচের। ঘটনাটি ঘটে এলাথুর এবং কোয়িলন্দি স্টেশনের মধ্যে

আগুনে আহত যাঁরা
আগুন নেভাতে গিয়ে তিন মহিলা যাত্রী-সহ আটজন আহত হয়েছেন। এঁরা হলেন থালাসেরির অনিল কুমার, তাঁর স্ত্রী সজিশা, ছেলে অদ্বৈত, কান্নুরের বাসিন্দা রুবি এবং ত্রিশুরের প্রিন্স নামে একব্যক্তি এই ঘটনায় আহত হয়েছেন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সন্দেহভাজনের খোঁজে তল্লাশি
সহযাত্রীরা এমার্জেন্সি চেন টানার পরেই অভিযুক্ত ব্যক্তি ট্রেন থেকে নেমে পালিয়ে যায় বলে জানা নিয়েছে। পুলিশ সন্দেহভাজন সেই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনার পরে ট্রেনটিকে এলাথুরে থামানো হয়। রেল কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে জানানো হয়।

বাদ যাচ্ছে না সন্ত্রাসের অভিযোগও
পুলিশের তদন্ত থেকে বাদ যাচ্ছে না সন্ত্রাসবাদী হামলার অভিযোগও। কেননা রেল ট্র্যাক থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছঝে একটি পেট্রোলের বোতল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এক প্রত্যক্ষদর্শীর দাবি, ট্রেনটি কোরাপূজা নদীর ধারে সেতুতে ওঠার মুখে বছর ত্রিশের এক যুবক ট্রেন থেকে লাফিয়ে পড়ে এবং সেখানে অপেক্ষা করা একটি বাইকে পালিয়ে যায়।

আহত ব্যক্তির বয়ান
আহত এক ব্যক্তি পুলিশকে বলেছেন, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি, একটি দাহ্য বস্তু ভর্তি একটি বোতল বের করে সহযাত্রীদের ওপরে স্প্রে করে এবং আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। পুলিশের সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজনের ছবি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।
|
রেললাইনে তিন দেহ
আধিকারিকরা জানিয়েছেন মাত্তান্নুরের স্থানীয় বাসিন্দা রহমত, তাঁর বোনের দুই বছরের মেয়ে এবং নওফল নামে একজনকে রেললাইনে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা সকালেই ঘটনাস্থলে গিয়েছেন। পুলিশের সন্দেহ, আতঙ্কে তাঁরা ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications