তিন দিন পর শিবরাত্রি, তার আগে যানজটে বেসামাল প্রয়াগরাজ
মহাকুম্ভ মেলা শেষ হতে আর হাতে গোনা তিনদিন বাকি। এর মধ্যে আগামী ২৬ তারিখ রয়েছে অমৃত স্নান। ফলে এখন থেকেই বহু ভক্ত দলে দলে পৌঁছে যাচ্ছেন প্রয়াগরাজে। কিন্তু পৌঁছে গেলেই বা কি, সেই সঙ্গম স্থলে পৌঁছতেই ভক্তদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রবল যানজটে কার্যত অবস্থা খারাপ ত্রিবেণী সঙ্গমের। ড্রোনের মাধ্যমে তোলা ছবিতে দেখা যাচ্ছে আসল ছবিটা। একের পর এক গাড়ি দাঁড়িয়ে সারি দিয়ে, আর তার মাঝে মাঝে দিয়ে হেঁটে চলেছেন ভক্তরা।
প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানের জন্য ভক্তদের ঢল নামায় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ২৬ ফেব্রুয়ারি মহাকুম্ভ মেলার সমাপ্তি উপলক্ষে ভক্তদের শেষ মুহূর্তের ভিড় সামলাতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

মহাশিবরাত্রির আগে ২২ ফেব্রুয়ারি, কুম্ভমেলায় ভক্তসংখ্যা ৬০ কোটি ছাড়িয়ে গেছে। ১৩ জানুয়ারি শুরু হওয়া এই মহাযজ্ঞে প্রতিদিন গড়ে ১ কোটিরও বেশি তীর্থযাত্রী উপস্থিত হয়েছেন, যা শহরের ট্রাফিক ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
প্রয়াগরাজের প্রবেশপথে বিভিন্ন রাজ্য থেকে আসা গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। পুলিশ যানবাহনগুলোকে নির্ধারিত পার্কিং এলাকায় পাঠানোর চেষ্টা করছে। স্থানীয় সূত্র মতে, শাটল বাস গুলো অতিরিক্ত ভিড়ের কারণে অনেক তীর্থযাত্রীকে পায়ে হেঁটে সঙ্গম স্থলে পৌঁছতে বলছে। প্রায় ১০-১৫ কিলোমিটার পথ হেঁটে যেতে হচ্ছে তাঁদেরকে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
কুম্ভের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বৈভব কৃষ্ণ জানিয়েছেন, ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রেল স্টেশনগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে, কারণ ১৩ জানুয়ারি থেকে কুম্ভ উপলক্ষে ১৩,৬৬৭টি বিশেষ ট্রেন চলাচল করেছে। দিল্লির রেল স্টেশনে সম্প্রতি ঘটে যাওয়া পদদলিত হওয়ার ঘটনার পর, অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে বিশেষ ব্যারিকেড ও হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে।
মহাকুম্ভের পবিত্র স্নান শেষে অনেক ভক্ত রাম মন্দির দর্শনের জন্য অযোধ্যার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। কারণ প্রয়াগরাজ থেকে অযোধ্যার দূরত্ব মাত্র ১৬০ কিলোমিটার। এই ধর্মীয় সমাবেশের ফলে অযোধ্যাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মহাকুম্ভের শেষ দিনগুলোতে আরও বেশি ভক্তের সমাগম হবে বলে অনুমান করা হচ্ছে, তাই প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। কিন্তু এই সবের মাঝে এই প্রবল যানজট সত্যিই মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে।












Click it and Unblock the Notifications