সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মানা সিবাল-সিংভি-তঙ্খাকে! বিসিআই-এর নির্দেশ ঘিরে বিতর্ক
তিন বিশিষ্ট কংগ্রেস নেতা তথা আইনজীবীর ওপর নিষেধাজ্ঞা জারি করল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। প্রধান বিচারপতি দীপক মিশ্রের এজলাসে হাজিরার ব্যাপারে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিন বিশিষ্ট কংগ্রেস নেতা তথা আইনজীবীর ওপর নিষেধাজ্ঞা জারি করল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। প্রধান বিচারপতি দীপক মিশ্রের এজলাসে হাজিরার ব্যাপারে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, কংগ্রেস-সহ বিরোধীদলগুলি দীপক মিশ্রের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনছে। ফলে বিচার ব্যবস্থা যাতে প্রভাবিত না হয় তার জন্য কপিল সিবাল, অভিষেক মনু সিংভি এবং বিবেক তঙ্খাকে নির্দিষ্ট এজলাস এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট মনন মিশ্র জানিয়েছেন, আদালতে সাংসদদের প্র্যাকটিসে কোনও বাধা দিতে পা পারলেও, এ বিষয়ে বিশেষত্ব রয়েছে। আইনজীবী সাংসদ কিংবা বিধায়ক, যদি তাঁরা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের বিচারপতির ইম্পিচমেন্ট মোশনের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাদের সেই নির্দিষ্ট এজলাসে প্র্যাকটিসের অনুমতি দেওয়া হয় না। বার কাউন্সিলের অধিকাংশ সদস্যের এবিষয়ে সমর্থন রয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, সিবাল, সিংবি এবং তঙ্খা বার কাউন্সিলের এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে পাঠানো এক চিঠিতে তাঁরা বলেছেন, এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নেই।
বছরের শুরুতেই সুপ্রিম কোর্টে বিচারাধীন গুরুত্বপূর্ণ মামলাগুলিতে অভিজ্ঞ বিচারপতিদের সামিল না করার অভিযোগ উঠেছিল। বিচারপতি কুরিয়েন জোসেফ, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি চেলামেশ্বর এবং বিচারপতি মদন লকুর প্রধান বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। এরপরেই প্রধান বিচারপতির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে ইম্পিচমেন্টের প্রস্তাব আনছে কংগ্রেস, বাম-সহ বিরোধী কয়েকটি দল।












Click it and Unblock the Notifications