Bangladeshi Arrested: ট্রেন ধরে কলকাতায় আসার চেষ্টা বাংলাদেশিদের! আগরতলা থেকে গ্রেফতার ৩ অনুপ্রবেশকারী
Bangladeshi Arrested: বাংলাদেশে হিন্দু নিপীড়নের মাঝেই কাঁটাতারের এপারে অনুপ্রবেশের (Infiltration) আশঙ্কা। রবিবার ত্রিপুরার আগরতলা (Agartala Railway Station) রেল স্টেশন থেকে গ্রেফতার করা হল ৩ জন বাংলাদেশিকে। সূত্রের খবর, আগরতলা হয়ে কলকাতা (Kolkata) আসার ফন্দি এঁটেছিল ওই তিন বাংলাদেশি। আগরতলায় অনুপ্রবেশের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করে রেল পুলিশ।
রবিবার আগরতলা পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), বিএসএফ ও গোয়েন্দাদের মিলিত অভিযানে গ্রেফতার হয় ওই তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী। জানা গিয়েছে ধৃত তিন যুবকের নাম ছোটন দাস, বিষ্ণু চন্দ্র দাস ও মহম্মদ মালিক। তিনজনের বয়স যথাক্রমে ১৯, ২০ ও ৩০। তারা বাংলাদেশের নোয়াখালি ও হবিগঞ্জের বাসিন্দা বলে জানান রেল পুলিশের ওসি।

অন্য রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে এদিন আগরতলা স্টেশনে ট্রেন ধরার পরিকল্পনা ছিল ওই তিন যুবকের। পুলিশ আরও জানিয়েছে, আগরতলা থেকে ট্রেন ধরে তাদের প্রাথমিক গন্তব্য ছিল কলকাতা। তাদের গ্রেফতার করে আগরতলার জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ করে আরও কেউ এভাবে অনুপ্রবেশ করেছে কি না তা জানবে পুলিশ। অনুপ্রবেশের অভিযোগে আরও গ্রেফতারির অনুমান পুলিশের।
এদিকে রবিবারই দিল্লিতে অভিযান চালিয়ে ১৭৫ জন সন্দেহভাজন বাংলাদেশিকে (Bangladeshi in Delhi) চিহ্নিত করল রাজধানীর পুলিশ। অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করতে রবিবার রাজধানীজুড়ে অভিযান চালায় পুলিশ। বৈধ পরিচয় পত্রহীন ঝুপড়িবাসীর সংখ্যা বেড়ে চলা নিয়ে দিল্লিতে উদ্বেগ বাড়ছে। তাই এরকম বাসিন্দাদের চিহ্নিত করতে পুলিশ প্রশাসনের তরফে লাগাতার অভিযান শুরু করা হয়েছে দিল্লিতে।
পুলিশের বিশেষ দল, জেলা পুলিশের টিম ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে। শহরের বাইরেও চালানো হচ্ছে তল্লাশি। ঝুপড়িবাসীদের আদি বাসস্থানের ঠিকানাতেও তল্লাশি চালাতে পাঠানো হচ্ছে টিম। সেখান থেকে তাদের কোনও বৈধ পরিচয় মিলছে কি না তাও যাচাই করে দেখছে পুলিশ। বৈধ পরিচয়পত্র না পেলেই তাদের অভিবাসন দফতরে পাঠিয়ে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications