উপকার কম বেশি ক্ষতি! এই চেনা ওষুধ খাচ্ছেন? গবেষণায় প্রকাশ পেল ভয়ঙ্কর তথ্য, আতঙ্কে সকলে
বহুদিন ধরেই নিরাপদ ব্যথানাশক হিসেবে ট্রামাডল (Tramadol) ওষুধটি ব্যবহার করা হতো। আর সেই ওষুধ নিয়েই এবার বড় প্রশ্ন তুলল নতুন গবেষণা। সাম্প্রতিক একটি বিশ্লেষণে দাবি করা হয়েছে যে, দীর্ঘস্থায়ী ব্যথা কমানোর ক্ষেত্রে ট্রামাডলের কার্যকারিতা খুবই সীমিত। উল্টে এই ওষুধ থেকে গুরুতর ভাবে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। গবেষকদের মতে, ট্রামাডল ব্যবহারের ফলে লাভ হওয়ার পরিবর্তে ক্ষতির সম্ভাবনাই বেশি।

এই সমীক্ষাটি ২০২৫ সালের অক্টোবর মাসে BMJ Evidence-Based Medicine জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণার বলা হয়েছে যে, ক্রনিক পেন অথবা দীর্ঘদিনের ব্যথার ক্ষেত্রে ট্রামাডল যতটা উপকার করে, তার চেয়ে বেশি বিপদ ডেকে আনতে পারে। তাই বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এই ওষুধের ব্যবহার যতটা সম্ভব কমানো উচিত।
ট্রামাডল (Tramadol) কী?
ট্রামাডল একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ। যা সাধারণত অপারেশন, গুরুতর আঘাত অথবা দীর্ঘস্থায়ী ব্যথার ক্ষেত্রে দেওয়া হয়। ট্যাবলেট, ক্যাপসুল, লিকুইড, বিভিন্ন ফর্মেই পাওয়া যায় এই ওষুধ। শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশনেই এটি ব্যবহার করা যায়। এনএইচএস (NHS UK) আগেই জানিয়েছে যে, ট্রামাডল পুরোপুরি ব্যথা দূর করে না, শুধু ব্যথার অনুভূতি কিছুটা কমিয়ে দেয়।
ট্রামাডল, ম্যাক্সিট্রাম (Maxitram), মারোল (Marol), জাইডোল (Zydol), জামাডল (Zamadol), ট্রামুলিয়েফ (Tramulief) এবং ট্রামকুয়েল (Tramquel)-র মতো ব্র্যান্ড নামেও বিক্রি হয়। এটি Invodol, Oldaram, Tilodol, Tradorec, Zeridame, Larapam, Mabron ব্র্যান্ড নামেও পরিচিত।
অনেক দিন ধরেই ট্রামাডলকে তুলনামূলক নিরাপদ এবং অল্প কার্যকর বলে ধরা হতো। সেই ধারণার সত্যতা যাচাই করার জন্যেই গবেষকরা ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত ১৯টি ক্লিনিক্যাল ট্রায়াল খতিয়ে দেখেন। মোট ৬,৫০০-র বেশি রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়। যাঁদের মধ্যে অস্টিওআর্থারাইটিস (Osteoarthritis), স্নায়বিক ব্যথা, কোমর ব্যথা এবং ফাইব্রোমায়ালজিয়া (Fibromyalgia) রোগী ছিলেন।
গবেষণায় দেখা গেছে যে, ট্রামাডল ব্যথা কমালেও তার প্রভাব খুবই সামান্য। এতটাই কম যে অনেক রোগী বাস্তবে তেমন উপকারই টের পান না। অন্য দিকে, গুরুতরভাবে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি স্পষ্টভাবে বেড়ে যায়। হৃদ্রোগ, বুকে ব্যথা, হার্ট ফেলিওর, মাথা ঘোরা, বমি ভাব, ঘুমঘুম ভাব-এই সব সমস্যার আশঙ্কা বেড়ে যায়। কিছু ক্ষেত্রে আবার ক্যানসারের ঝুঁকির ইঙ্গিতও পাওয়া গেছে। যদিও গবেষকেরা জানিয়েছেন যে, এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে।
গবেষকদের স্পষ্ট বক্তব্য, দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসায় ট্রামাডলের সীমিত উপকারের তুলনায় ক্ষতির সম্ভাবনাটাই বেশি। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা খুবই বিপজ্জনক হতে পারে। নতুন এই গবেষণাই ট্রামাডল ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে।












Click it and Unblock the Notifications