ফিল্মি কায়দায় দোকানে ঢুকে ২৫ কোটির গহনা নিয়ে চম্পট, দক্ষিণ দিল্লিতে চাঞ্চল্য
সিনেমার কায়দায় দোকানে ঢুকে ২০ থেকে ২৫ কোটি টাকার অলঙ্কার নিয়ে পালিয়ে গেল চোরের দল। রবিবার রাতে ভোগল এলাকার উমরাও জুয়েলার্সে এই ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে স্ট্রংরুমে গর্ত তৈরি করে এই চুরি করা হয়েছিল।
রীতিমতো পরিকল্পনা করে সোনায় গয়নার দোকানে লকার ভেঙে তারা ২০ থেকে ২৫ কোটি টাকার গহনা নিয়ে যায়। তদন্তকারী অফিসাররা জানান, চোরেরা চার তলা বিল্ডিংয়ের ব্যালকনি থেকে প্রবেশ করে নীচের তলায় স্ট্রংরুমে পৌঁছেছিল। তারপর সেখানে লকার ভেঙে গহনা হাতিয়েছিল তারা।

তারা স্ট্রংরুমে প্রবেশ করার জন্য দেওয়ালে একটি গর্ত করে। ড্রিল করে দেওয়ালের মধ্যে লকারে অলঙ্কারগুলি রাখা হয়েছিল। গর্ত করে সেই গহনা চুরি করে নেন তাঁরা। পাশাপাশি শোরুমে রাখা গয়না নিয়েও তারা পালিয়ে যায়। রবিবার সন্ধ্যায় শোরুমে তালা দিয়ে চলে গিয়েছিল শোরুমের মালিক।
মঙ্গলবার সকালে শোরুম খুললে চুরির বিষয়টি জানতে পারেন তিনি। সোমবার দোকান বন্ধ থাকে। ফলে ওইদিন কিছু জানা যায়নি। চোরেরা সংযোগ বিচ্ছিন্ন করার আগে পুলিশ সিসিটিভিতে রেকর্ড হওয়া সমস্ত ঘটনা খতিয়ে দেখে জানার চেষ্টা চালাচ্ছে চোরের কোন পথ দিয়ে এসেছিল। তারা সংখ্যায় কতজন ছিল। তাঁদের চেনা যায় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। গতকাল হরিয়ানার আম্বালায় একই ধরনের ঘটনা ঘটেছে। জানা গেছে, চোরেরা একটি সমবায় ব্যাঙ্কে ঢুকে গয়না ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে চম্পট দিয়েছে। তারা ব্যাঙ্কে প্রবেশের জন্য একটি গ্যাস কাটার ব্যবহার করে দেওয়ালে একটি ছিদ্র করে।
পুলিশ জানিয়েছে, ওই চোরের দল ৩২টি লকার খুলেছে। সপ্তাহান্তে ব্যাঙ্ক বন্ধ থাকায় সোমবার সকালেই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। এই দুই ঘটনার পিছনে কোনও যোগসাজোশ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। কোন গ্যাং এই ঘটনা ঘটাচ্ছে, তার খোঁজ নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications