কেজরিওয়াল জঙ্গি, রয়েছে অনেক প্রমাণ! চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয়মন্ত্রী জাভড়েকরের
ফের দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জঙ্গি বলে আখ্যা দিল বিজেপি। আজ দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, 'কেজরিওয়াল নির্দোষ মুখ বানিয়ে জিজ্ঞাসা করছেন যে তিনি সন্ত্রাসী কিনা! আমি বলতে চাই, আপনি সন্ত্রাসবাদী। এর পক্ষে অনেক প্রমাণ রয়েছে। আপনি নিজেই বলেছিলেন আপনি নৈরাজ্যবাদী। সন্ত্রাসবাদী ও নৈরাজ্যবাদীর মধ্যে খুব একটা পার্থক্য নেই।'

কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগেছেন যোগী আদিত্যনাথও
এদিকে কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথও। দিল্লিক বিকাশপুরীতে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে বলেন, 'একজন পাকিস্তানি মন্ত্রী কেন অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে বক্তব্য দিচ্ছেন? কারণ তিনি জানেন যে কেবলমাত্র কেজরিওয়ালই শাহিনবাগের প্রতিবাদকারীদের বিরিয়ানি খাওয়াতে পারবেন।'

এর আগেও কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা
এর আগে কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা দিয়েছিলেন বিজেপি নেতা পরবেশ ভর্মা। বিজেপি নেতার কথায়, 'দিল্লিতে কেজরিওয়ালের মতো অনেক নাটওয়ারলাল এবং সন্ত্রাসবাদী আছে। আমি বুঝতে পারি না যে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়তে হবে না দিল্লির কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়তে হবে।'

সরব হন কেজরিওয়াল
এরপরই এই বক্তব্যের বিরুদ্ধে সরব হন কেজরিওয়াল। কেজরিওয়াল বলেন, 'আমি ডায়াবেটিসে আক্রান্ত একজন ব্যক্তি। আমি দিনে ৪ বার ইনসুলিন নেই। যদি ডায়াবেটিস আক্রান্ত কোনও ব্যক্তি ইনসুলিনে থাকে এবং যদি ৩-৪ ঘন্টার বেশি সময় যাবত কিছু না খায় তবে তারা মারা যায়। এমন পরিস্থিতিতে আমি দু'বার দুর্নীতির বিরুদ্ধে অনশন করেছি, একবার ১৫ দিনের জন্য এবং পরে ১০ দিনের জন্য। প্রত্যেক ডাক্তার বলেছিলেন যে কেজরিওয়াল চব্বিশ ঘণ্টার বেশি বাঁচবেন না, আমি আমার জীবন দেশের জন্য বাজি রেখেছিলাম।'

মর্মাহত হন কেজরিওয়ালের মা-বাবা
তিনি আরও বলেন, 'তবে গত ৫ বছরে তারা আমাকে হেনস্থার ক্ষেত্রে কোন প্রকার কসুর ছাড়েনি। আমার বাড়ি, আমার অফিসে অভিযান চালিয়েছে। আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি কী ভাবে সন্ত্রাসী হতে পারি? আমাকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়ায় আমার মা-বাবা খুব দুঃখ পেয়েছেন। তাঁরা মর্মাহত।'












Click it and Unblock the Notifications