অবশেষে খুলতে চলেছে অযোধ্যার অস্থায়ী রাম মন্দির, ৩০শে জুন অবধি বন্ধ মথুরার মন্দিরের দরজা
অবশেষে খুলতে চলেছে অযোধ্যার অস্থায়ী রাম মন্দির, ৩০শে জুন অবধি বন্ধ মথুরার মন্দিরের দরজা
দীর্ঘ আড়াই মাসের টানা লকডাউনের পর, বিধিনিষেধ খানিক শিথিল করে বর্তমান কেন্দ্রের নির্দেশে আনলক-১ চলছে গোটা দেশ জুড়ে। ধীরে ধীরে ছন্দে ফিরছে জন-জীবন। এই দফায় খুলতে চলেছে অফিস, অন্যান্য দোকানপাট এবং দেশের সমস্ত মন্দির-মসজিদের দরজা। এবার লকডাউন শিথিল হতেই খুলছে চলেছে অযোধ্যার অস্থায়ী মন্দির।

অবশেষে খুলছে অযোধ্যার অস্থায়ী মন্দির
এখনও পর্যন্ত অযোধ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথা বিতর্কিত স্থান রামের জন্মভূমি। বিতর্ক চলাকালীন এতদিন অস্থায়ী একটি টিনের কাঠামোর উপরেই পূজো হত রামলালার। গত মার্চ মাসে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামলালার মূর্তি মানস ভবনে স্থানান্তরিত করেন। ফাইবারের তৈরি এই নতুন অস্থায়ী এই মন্দিরের কাঠামো পুরোপুরি বুলেটপ্রুফ। লকডাউন শিথিল হতেই পুনরায় এই অস্থায়ী মন্দির খুলতে চলেছে বলে খবর। এখন থেকে সামাজিক দূরত্ব ও অন্যান্য বিধিনিষেধ মেনেই শুরু হবে রামলালার নিত্য পূজো।

অযোধ্যা বিতর্কে সুপ্রিম কোর্টের রায় রামমন্দিরের পক্ষে
ভারতের উত্তরাঞ্চলের শহর অযোধ্যায় ১৯৯২ সালে ধ্বংস করা হয়েছিল বাবরি মসজিদ।এই নিয়ে এই অঞ্চলে বহুবছর ধরেই হিন্দু ও মুসলিমদের মধ্যে বিবাদ ছিল। বিতর্কিত এই স্থান নিয়ে রাম জন্মভূমি ট্রাস্ট ও সুন্নি ওয়াকিফ বোর্ড সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। অবশেষে, ২০১৯ সালের নভেম্বর মাসে এই বিতর্কিত জায়গায় রাম মন্দির তৈরির পক্ষেই চূড়ান্ত রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। বদলে মুসলিম পক্ষকে মসজিদ তৈরির জন্য অয্যোধ্যার মধ্যেই ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর ঠিক ছিল, এপ্রিলেই স্থাপিত হবে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর কিন্তু লকডাউনের জেরে পুরো প্রক্রিয়ায় পিছতে হয় বলে জানা যাচ্ছে।

খুলছে হনুমান মন্দিরও, ৩০শে জুন অবধি বন্ধ থাকবে মথুরা মন্দির গুলি
পাশাপাশি, অযোধ্যার অন্যতম বিখ্যাত হনুমান গাঁধির মন্দিরও শীঘ্রই খুলতে চলেছে বলে জানা যাচ্ছে। রবিবারেই পুরো মন্দির স্যানিটাইজ করে, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মন্দিরের মেঝেতে ছক কেটে দেওয়া হয়। তবে রাজ্যের পশ্চিমে অবস্থিত জনপ্রিয় মথুরার মন্দির গুলি ৩০ শে জুন অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কেবলমাত্র মন্দিরের কর্মীরাই আপাতত মন্দিরে প্রবেশাধিকার পাবে বলে খবর।

১০ই জুন থেকেই শুরু হবে রামমন্দিরের নির্মাণ-কাজ
এদিকে প্রথমে ঠিক ছিল রামনবমী বা অক্ষয় তৃতীয়ার দিনই শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ। কিন্তু করোনার জেরে দেশে লকডাউন শুরু হতেই সেই পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভবপর হয়নি। অবশেষে লকডাউন শিথিল হতেই আগামী ১০ই জুন থেকেই রামমন্দিরের নির্মাণ কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। কথিত আছে, লঙ্কা জেতার আগে শিবের পূজো করেছিলেন রাম। সেই রীতিকে সামনে রেখেই ১০ই জুন সকাল ৮ টায় শিবের আরাধনা করে শুরু করা হবে মন্দিরের নির্মাণ কাজ।












Click it and Unblock the Notifications