স্ত্রী মাংস রান্না করেনি, পুলিশ হেল্পলাইনে বারংবার ফোন করে গ্রেফতার তেলেঙ্গানার ব্যক্তি
স্ত্রী মাংস রান্না করেনি, পুলিশ হেল্পলাইনে বারংবার ফোন করে গ্রেফতার তেলঙ্গানার ব্যক্তি
গুরুতর অপরাধই বটে। আর এর জন্য অবশ্যই শাস্তি পাওয়াও আবশ্যক। কিন্তু অপরাধটা কি? স্ত্রী রাতে নৈশভোজের জন্য মাংস রান্না করেনি, এটাই হল অপরাধ। আর তার জন্য স্বামী নবীন ক্রমাগত পুলিশের হেল্পলাইন নম্বর একশোতে ফোন করে গিয়েছেন। এরজন্য নবীনকে তেলেঙ্গানার নালগোণ্ডা পুলিশ গ্রেফতার করেছে।

১৮ মার্চ শুক্রবার নবীনের স্ত্রী মাংস রান্না না করায় তিনি অত্যন্ত রেগে যান। স্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার পর নবীন একশো নম্বরে পুলিশকে ফোন করে। প্রাথমিকভাবে যখন নবীন পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে পুরো ঘটনা জানিয়ে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন, কন্ট্রোল রুমে বসে থাকা অপরেটর ভাবেন কেউ মদ খেয়ে এই ধরনের ফোন করছে। এরপর ক্রমাগত ৬ বার ফোন করার পর, দায়িত্বে থাকা পুলিশ কর্মী এই বিষয়টি তাঁর উর্ধ্বতন কর্তাকে জানান। এরপর পুলিশের একটি পেট্রোল গাড়ি নবীনের বাড়িতে যায়, তখন নবীন মদ খেয়ে ঘুমোচ্ছিলেন। পুলিশ কর্মীরা তাঁকে ঘুমন্ত অবস্থায় রেখে চলে আসেন।
শনিবার সকালে পুলিশ আবার নবীনের বাড়ি যায় এবং তাঁকে নিজেদের হেফাজতে নেয়। নবীনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯০ ও ৫১০ ধারায় মামলা দায়ের হয়েছে। মাংস রান্না না করায় স্ত্রীর সঙ্গে ঝামেলা করার পর এখন নিজেই ভুগছে নবীন।
দেশের যে কোনও রাজ্যে পুলিশ হেল্পলাইন নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি নম্বর। যে কোনও অপরাধ বা বিপদে পড়ে সাহায্য চাওয়ার হলে এই নম্বরটি খুবই কাজে আসে। অনেক সময়ই এই হেল্পলাইন নম্বরে অহেতুক ফোন এসে পুলিশ কর্মীদের বিব্রত করে। ভুয়ো বোমাতঙ্কের খবরও এই কন্ট্রোল রুমে আসে, এতে পুলিশ কর্মীদের হয়রানি আরও বেড়ে যায়। আর এটা কম করার জন্যই নবীনদের মতো ব্যক্তিদের গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশরা।












Click it and Unblock the Notifications