ফৌজদারী মামলার ট্রায়ালে ছয় মাসের বেশি বিরতি নয়, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
দীর্ঘ ট্রায়ালের ঘটনা বন্ধ করতে বিশেষ করে দুর্নীতি ও ফৌজদারী মামলার ক্ষেত্রে ট্রায়ালে ছয় মাসের বেশি বিরতি নেওয়া যাবে না বলে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে।
বিচারব্যবস্থায় স্বচ্ছ্বতা আনতে ও মামলার দ্রুত নিষ্পত্তিতে নতুন নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। দীর্ঘ ট্রায়ালের ঘটনা বন্ধ করতে বিশেষ করে দুর্নীতি ও ফৌজদারী মামলার ক্ষেত্রে ট্রায়ালে ছয় মাসের বেশি বিরতি নেওয়া যাবে না বলে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে।

নিম্ন আদালতে জমে থাকা মামলার পাহাড় সরাতে ও ট্রায়ালের সময় কমাতে আদালত এই নির্দেশ দিয়েছে। এতে বিচারপ্রক্রিয়া আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মামলা চললে অনেক সময় অভিযুক্তরা ছাড়া পেয়ে যায়। সাক্ষীর মৃত্যু হয়, প্রমাণ নষ্ট হয়ে যায়। সেটা বন্ধ করতেই আদালত সক্রিয় হয়েছে।
সুপ্রিমকোর্টের বিচারপতি আদর্শ কে গোয়েল, আরএফ নরিম্যান, নবীন সিনহার বেঞ্চ জানিয়েছে, সমাজের স্বার্থে দুর্নীতির মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। নাহলে সমাজের উপরে তার বিরূপ প্রভাব পড়ে। এমনকী দেওয়ানি কিছু কিছু মামলার ক্ষেত্রেও শুনানি বেশিদিন আটকে রাখা উচিত নয়।
আদালতের নির্দেশে বুধবার থেকেই এই ব্যবস্থা কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, কিছু মামলা যেখানে শুনানি পিছিয়ে দেওয়া বেশি প্রয়োজন সেটিকে ব্যতিক্রম হিসাবে ব্যবহার করা যেতে পারে। বাকী ক্ষেত্রে দ্রুত শুনানি প্রক্রিয়া চালাতে হবে। আটকে রাখা যাবে না।












Click it and Unblock the Notifications