১১ ই মার্চ যোগীর জন্য গোরক্ষপুর ফেরার বিমানের টিকিট কাটলেন সমাজবাদী পার্টির নেতা
১১ ই মার্চ যোগীর জন্য গোরক্ষপুর ফেরার বিমানের টিকিট কাটলেন সমাজবাদী পার্টির নেতা
পাঁচরাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে৷ ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে সাত দফায় ভোট যোগী রাজ্যে৷ ২০২২-র উত্তরপ্রদেশ বিধানসভার ফলাফল ঘোষণা হবে ১০ মার্চ৷ ঠিক তার একদিন পর অর্থাৎ ১১ মার্চে যোগী আদিত্যনাথের জন্য লখনউ ফেরার টিকিট কাটলেন সমাজবাদী পার্টির মুখপাত্র আইপি সিং৷

যোগীর ফেরার টিকিট!
রবিবার টুইটারে তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে একটি টিকিট বুক করা হয়েছে৷ আগামী ১১ মার্চের জন্য এই টিকিট বুক করা হয়েছে৷ উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে যোগীর নিজের বাড়ি গোরক্ষপুরে ফেরার জন্য এই টিকিটটি কাটা হয়েছে।

কিন্তু হঠাৎ কেন এমন করলেন সমাজবাদী পার্টির নেতা?
উত্তরপ্রদেশ ভোটে বিজেপির জন্য বিরোধী বলতে অখিলেশের সমাজবাদী পার্টিই রয়েছে৷ গতবছরের মাঝামাঝি সময় থেকেই একাধিক স্থানীয় দল, মুসলিম সংগঠন এবং দলিতদের কাছে টানার কাজ শুরু করেছেন অখিলেশ। তিনি ও তাঁর দল আশাবাদী যে তাঁরা বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরবেন এবার। স্বাভাবিকভাবেই যদি তাঁদের আশা ১০ মার্চ অর্থাৎ উত্তরপ্রদেশ নির্বাচনের ফল ঘোষণার দিন পূর্ণ হয় তাহলে যোগী ও তাঁর দলকে লখনউয়ের গদি ছেড়ে দিতে হবে৷ সেই বিষয়টিকেই চিহ্নিত করেই ১১ মার্চ এই টিকিট বুক করার বিষয়টি সোশ্যাল মিডিয়াতে এনেছেন আইপি সিং, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

কী বলছেন আইপি সিং?
টুইটে লখনউ থেকে গোরক্ষপুর বিমানে ফেরার টিকিটের স্ক্রিণশট দেওয়ার পাশাপাশি সমাজবাদীপার্টির মুখপাত্র আইপি সিং লেখেন, '১০ মার্চ জনগণের দিন হবে, ১০ মার্চ রাজ্যে সত্যের সূর্য উঠবে এবং এসপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তাই লখনউ থেকে গোরখপুরের রিটার্ন টিকিট বুক করেছি।' তিনি টুইটে আরও লেখেন, যোগীজী এই টিকিটটি আপনার কাছে রাখুন, কারণ পরাজয়ের পরে বিজেপি আপনার কোনও খোঁজ নেবে না।

কে এগিয়ে ইউপিতে?
প্রসঙ্গত সাত দফায় ভোট হতে চলেছে উত্তরপ্রদেশ নির্বাচনে৷ ২০২৪ এর লোকসভার কথা মাথায় রাখলে উত্তরপ্রদেশ এবর বিজেপির কাছে মর্যাদা লড়াই ও সেমিফাইনালও। ২০২০ তে অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমিপুজো এবং সম্প্রতি বারানসিতে (প্রধানমন্ত্রীর নিজের লোকসভা কেন্দ্র) কাশী-বিশ্বনাথ করিডর নির্মাণ করে রাজ্যের হিন্দুভোটের বড় অংশ নিজেদের ঝুলিতে পুরেছে বিজেপি৷ অন্যদিকে রাজ্যের মুসলিম ভোট ব্যাঙ্ককে কাছে টানতে জিন্নার প্রশংসা পর্যন্ত করেছেন অখিলেশ। এখন দেখার উত্তরপ্রদেশে শেষ বাজি কে জেতেন!












Click it and Unblock the Notifications