বিজেপি বন্ধুদের ফোন করার পরেই সিম ব্লক করা হয়েছে, টুইটারে ক্ষোভ বিরোধী উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর
বিজেপি বন্ধুদের ফোন করার পরেই সিম ব্লক করা হয়েছে, টুইটারে ক্ষোভ বিরোধী উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর
বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা জানিয়েছেন, তিনি মোবাইল থেকে কাউকে ফোন করতে পারছেন না। পাশাপাশি তিনি কারও ফোন ধরতে পারছেন না। এর নেপথ্যে বিজেপির কারসাজি রয়েছে বলে তিনি পরোক্ষে অভিযোগ করেছেন। তিনি বলেন, টেলিকম সংস্থা যদি পরিষেবা স্বাভাবিক করে দেয়, সেক্ষেত্র তিনি কথা দিচ্ছেন বিজেপি, বিজেডি ও তৃণমূলের কোনও বিধায়ক ও সাংসদকে ফোন করবেন না।

বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর অভিযোগ
টুইটারে বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা বলেন, মহানগর টেলিফোন নিগম লিমিটেড বা এমটিএনএল থেকে একটি মেসেজ পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, তাঁর এমটিএনএল কেওয়াইসি স্থগিত করা হয়েছে। সেই কারণে তাঁর মোবাইলের সিম ২৪ ঘণ্টার জন্য ব্লক করা হল। সোমবার আলভা টুইটারে লেখেন, 'প্রিয় বিএসএনএল/ এমটিএনএল, আজকে আমি বিজেপির কয়েকজন বন্ধুকে ফোন করেছিলাম। তারপর থেকেই আমার মোবাইলে সমস্ত কল ডাইভার্ট করা হয়। যার ফলে আমি কাউকে ফোন করতে পারছি না বা কারও ফোন ধরতে পারছি না।' এরপরেই তিনি লেখেন, 'আপনারা যদি আমার সিমটা সক্রিয় করে দেন, কথা দিচ্ছি রাতে আর বিজেপি, বিজেডি ও তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদ ও বিধায়ককে ফোন করব না।

পরোক্ষে বিজেপিকে বিঁধলেন মার্গরেট আলভা
মার্গারেট আলভা টুইটারে স্পষ্ট জানিয়েছেন, তিনি তাঁর কয়েকজন বন্ধুকে ফোন করেছিলেন। তাঁরা বিজেপির সদস্য। তারপরেই তাঁর ফোন ব্লক করে দেওয়া হয়েছে। এই টুইটের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, বিজেপির সদস্যদের ফোন করার জন্যই তাঁর ফোন ব্লক করা হয়েছে। সেই ইঙ্গিতকে স্পষ্ট করে তিনি টেলিকম সংস্থাকে ট্যাগ করে বলেন, রাতের মধ্যে ফোন স্বাভাবিক করে দিলে, তিনি কথা দিচ্ছেন কোনও বিজেপি, বিজেডি ও তৃণমূল বিধায়ক ও সাংসদদের ফোন করবেন না।

বিজেপির সঙ্গে তৃণমূলের জোটের ইঙ্গিত মার্গারেট আলভার
তিনি টুইটারে পরোক্ষে বিজেপির সঙ্গে তৃণমূলের জোটের ইঙ্গিত দেন। যদিও বিরোধী জোটের সদস্য তৃণমূল। কিন্তু তিনি টুইটারে বিজেপি, বিজেডির বিধায়ক ও সাংসদদের সঙ্গে তৃণমূলের প্রসঙ্গ তোলেন। তৃণমূল উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা করেছে। উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে তৃণমূল নিজেদের সরিয়ে রাখলে আখেরে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড় লাভবান হবেন। তৃণমূলের এই সিদ্ধান্ত ঘোষণার পরেই বিরোধীদের একাংশ মনে করছেন, বিজেপির সঙ্গে বাংলার শাসক দল গোপনে কোনও সন্ধি করেছে। সেই কারণেই তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, যেভাবে বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করা হয়েছে, তাতে সমস্যা রয়েছে। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও রকম যোগাযগ করা হয়নি। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications