করোনা ভ্যাকসিনের দাম বাড়াচ্ছে মোদী সরকার
করোনা ভ্যাকসিনের দাম বাড়াচ্ছে মোদী সরকার
সেরাম ইন্সটিটিউট এবং ভারত বায়োটেকের তৈরি টিকার খরচ বাড়াচ্ছে কেন্দ্র৷ সূত্রের খবর, কোভিশিল্ডের একটি মাত্র ডোজের দাম বেড়ে হয়েছে ২০৫ টাকা(জিএসটি ছাড়া) এবং প্রতি ডোজ কোভ্যাক্সিনের দাম বেড়ে হয়েছে ২১৫ টাকা।

সরকারি তথ্য অনুসারে, চলতি বছরের ডিসেম্বর অবধি সেরাম ইন্সটিটিউটের কাছ থেকে ৩৭ কোটি ডোজ কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কাছ থেকে ২৮.৫ কোটি কোভ্যাক্সিন কিনবে মোদী সরকার। এর আগে প্রতি ডোজ কোভ্যাক্সিন তথা কোভিশিল্ডের খরচ ছিল ১৫০ টাকা (৫ শতাংশ জিএসটি অতিরিক্ত)।
কেন্দ্রের দাবি, এখনও অবধি ৪০ কোটি কোভিড টিকা দেশজুড়ে দেওয়া হয়ে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে গত শুক্রবারেই দেওয়া হয়েছে ৩৮.৭৯ লক্ষ ডোজ ভ্যাকসিন। শুক্রবার ১৮-৪৪ বছরের মধ্যে ১৬ লক্ষ ৩৫ হাজার ৫৯১ জন এই টিকার প্রথম ডোজ পেয়েছেন। ২ লক্ষ ১১ হাজার ৫৫৩ জন পেয়েছেন দ্বিতীয় ডোজটিও। সবমিলিয়ে এই বয়সসীমার ১২ কোটি ১৬ লক্ষ ৪৬ হাজার ১৭৫ জন প্রথম ডোজ পেয়েছেন দেশজুড়ে। গোটা দেশের মোট ৩৭টি প্রদেশে দ্বিতীয় ডোজটি পেয়েছেন ৪৫ লক্ষ ৯৮ হাজার ৬৬৪ জন।
বিশেষজ্ঞদের আশঙ্কা অক্টোবরের মধ্যেই দেশে আছড়ে পড়তে পারে ভাইরাসের তৃতীয় ঢেউ। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, তৃতীয় ঢেউতে সবচেয়ে বেশি আক্রান্ত হবে শিশুরা। তাই দ্রুত গতিতে গোটা দেশের টিকাকরণ সেরে ফেলতে চাইছে মোদী সরকার৷ স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানোর পাশাপাশি মানুষকে টিকা দিয়ে দিতে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব।












Click it and Unblock the Notifications