নাগরিকদের দায়িত্বজ্ঞানহীনতা সঙ্গে AY4.2 আরও একটি করোনা ওয়েভকে আমন্ত্রণ জানাবে ভারতে
নাগরিকদের দায়িত্বজ্ঞানহীনতা সঙ্গে AY4.2 আরও একটি করোনা ওয়েভকে আমন্ত্রণ জানাবে ভারতে
করোনার দ্বিতীয় ঢেউ সামলে নিয়েছে ভারত। এপ্রিল-মে মাসে যেভাবে সংক্রমণ বেড়েছিল, লকডাউন-গণটিকাকরণে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবু এই মুহূর্তে বিশেষজ্ঞদের চিন্তা বাড়াচ্ছে উৎসবের মরশুমে জমায়েত, ভিড়। চিকিৎসকরা মনে করছেন, দায়িত্বজ্ঞানহীন ভাবে যেভাবে রাস্তায় বেরোচ্ছেন মানুষ, তাতে সংক্রমণের আরও একটি ঢেউ ধেয়ে আসতেই পারে।

দুর্গাপুজো শেষ হয়েছে, আর কিছুদিনের মধ্যেই দীপাবলি। গোটাদেশ সেজে উঠবে আলোয়, উৎসব পালনে মেতে উঠবে ভারতবাসী। তার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। একাধিক বাজার এলাকায় দেখা যাচ্ছে, মানুষ মাস্ক পরতে চাইছে না, সোশ্যাল ডিস্ট্যান্সিংও মেনে চলছে না। একাধিক রাজ্যে করোনার এওয়াই ৪.২ ভ্যারিয়েন্টের প্রকোপে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষজ্ঞদের মতে এই ভ্যারিয়েন্টের জন্যই ধেয়ে আসতে পারে তৃতীয় ঢেউ। আশঙ্কার কথা, এই নতুন স্ট্রেনের সম্পর্কে খুবই কম তথ্য রয়েছে বিশেষজ্ঞদের কাছে।
আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তারা জানিয়েছে, এই ভ্যারিয়েন্টটির জন্য গোটাবিশ্বেই বাড়ছে সংক্রমণ। তাদের হিসেব অনুযায়ী সবমিলিয়ে ২৬ হাজার জন এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। হু এর ডিরেক্টর টেড্রস আধানম ঘেব্রেসাস বলেন, 'গত দু'মাসে এই প্রথম সক্রিয় কেসের সংখ্যা এভাবে বাড়ছে। বিশেষত ইউরোপে এই সংখ্যাটি বেড়েই চলেছে৷ স্পষ্ট বোঝা যাচ্ছে, এখনও অতিমারি শেষ হয়নি৷ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রিত না হলে তা ধর্ম পরিবর্তন করে ছড়াতেই থাকবে।'
ফলত চিন্তা বাড়ছে ভারতেরও। একেই ১৩০ কোটির দেশে অতিমারি অভিশাপের চেয়ে কম কিছু নয়। তার ওপরে আবার দ্বিতীয় ঢেউতে ভেঙে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা। এপ্রিল-মে মাসে যেভাবে অক্সিজেন সহ গুরুত্বপূর্ণ ওষুধের অভাব দেখা গিয়েছিল, তা ভুলে যাওয়ার মতো নয়। কাজেই উৎসবের মরশুমের আগে ক্রমাগত প্রচার চালাচ্ছে প্রশাসন। কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার ক্রমাগত প্রচার করে চলেছে স্বাস্থ্যবিধি পালন, মাস্ক পরা সহ একাধিক নিয়ম মানতে। কিছু রাজ্য কনটেনমেন্ট জোনেও ভাগ করেছে অতিরিক্ত সংক্রমণ সম্পন্ন এলাকাগুলিকে৷












Click it and Unblock the Notifications