কাশ্মীর সীমান্তে কড়াকড়ি, তাই গুজরাত হয়ে ভারতে ঢোকার চেষ্টায় জঙ্গিরা, সতর্কবার্তা গোয়েন্দাদের
কাশ্মীর সীমান্তে প্রচণ্ড কড়াকড়ি। মাছি গলার জো নেই। বিকল্প পথ হিসেবে তাই গুজরাত সীমান্ত বেছে নিয়েছে পাকিস্তানি জঙ্গিরা।
কাশ্মীর সীমান্তে প্রচণ্ড কড়াকড়ি। মাছি গলার জো নেই। বিকল্প পথ হিসেবে তাই গুজরাত সীমান্ত বেছে নিয়েছে পাকিস্তানি জঙ্গিরা। গোয়েন্দারা জানিয়েছেন, গুজরাতের কচ্ছের সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানি জঙ্গিরা। ইতিমধ্যেই এই অনুপ্রবেশ নিয়ে সেনাবাহিনীকে সতর্কও করেছে তারা।

জোরদার করা হচ্ছে নিরাপত্তা
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গুজরাতে জল এবং স্থল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বাধীনতা দিবসে নাশকতা চালাতে পারে জঙ্গি এই সতর্কতা আগেই দিয়েছিল গোয়েন্দারা। সেকারণে গোটা দেশেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।

কচ্ছের উপকূল এলাকায় সতর্কতা
কাশ্মীরে তো নিশ্ছিদ্র নিরাপত্তা রয়েছে। কচ্ছের পুলিস সুপার পরীক্ষিত রাঠোর জানিয়েছেন কচ্ছের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে। সমুদ্রে কোনও সন্দেহজনক গতিবিধি দেখলেই উপকূলরক্ষী বাহিনীকে খবর দিতে বলা হয়েছে।

চলছে জোর নাকা চেকিং
পুলিস সুপার জানিয়েছেন, গোয়েন্দাদের কাছ থেকে খবর পাওয়ার পর গুজরাতের সীমান্তবর্তী এলাকাগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা এবং নজরদারি চালানো হচ্ছে। একাধিক জায়গায় চলছে নাকা তল্লাশি। কোনও যানবাহন বা ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখলেই জেরা করা হচ্ছে।

ইমরানের হুমকিতে বেড়েছে সতর্কতা
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই পাকিস্তানের তরফ থেকে একের পর এক হুঁশিয়ারি ধেয়ে আসছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজে রীতিমতো হুমকি দিয়ে জানিয়েছিলেন পুলওয়ামার মতো হামলা হতে পারে কাশ্মীরে। পিওকে-তে একাধিক জঙ্গি শিবির জেগে উঠতে শুরু করেছে। ইসলামাবাদ যে জঙ্গি কার্যকলাপে মদত দিতে শুরু করেছে তা ইমরানের বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। তারপর থেকে লাগাতার ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাক জঙ্গিরা।












Click it and Unblock the Notifications