ডেল্টায় সংক্রমিত হলেও টিকার দু'টি ডোজ আটকাবে মৃত্যু দাবি, আইসিএমআর-এর
ডেল্টায় সংক্রমিত হলেও টিকার দু'টি ডোজ আটকাবে মৃত্যু দাবি, আইসিএমআর-এর
প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার ঠিক পরেই করোনার দ্বিতীয় ঢেউতে নাজেহাল হয়েছিল গোটাদেশ। প্রথমবারের চেয়েও ভয়ঙ্কর আকারে ফিরে এসেছিল করোনা। দ্বিতীয় ঢেউ যা মূলত কোভিডের ডেল্টা স্ট্রেনের ফল ছিল বলে মনে করা হয়, এই ডেল্টার বিরুদ্ধে ভারতীয় টিকার কার্যকারিতা কতটা, তা নিয়ে প্রশ্ন ছিল।
শুক্রবার সমস্ত প্রশ্নের জবাব দিল কেন্দ্র। আইসিএমআরের একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে জানানো হয় কোভিশিল্ড হোক কিংবা কোভ্যাক্সিন, যে কোনও টিকার দু'টি ডোজ নিলেই ৯৫ শতাংশ ক্ষেত্রে রোগীর মৃত্যু হয় না।

কী বলছে আইসিএমআর?
কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ মন্ত্রালয়ের সদস্য ডাঃ ভি কে পাল শুক্রবার একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেন। সমীক্ষাটি তামিলনাড়ুর ১,১৭,৫২৫ জন পুলিশ আধিকারিকদের ওপর করা হয়েছিল। যার মধ্যে ১৭,০৫৯ জন কোনও টিকাই নেননি। এদের মধ্যে ২০ জন করোনার বলি হয়েছেন। মোট ৩২,৭৯২ জন আধিকারিক টিকার মাত্র একটি ডোজ নিয়েছিলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে মাত্র সাত জনের। বাকি ৬৭,৬৭৩ জন করোনা ভ্যাকসিনের দু'টি ডোজই নিয়েছিলেন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে মাত্র চার জনের৷

কী বলছেন ডঃ ভিকে পাল?
এদিন ডাঃ ভিকে পাল স্পষ্ট জানান, ভারতীয় টিকাগুলি করোনার ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধেও সমানভাবে কার্যকরী। তিনি বলেন, 'সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, টিকার একটি ডোজ নিলে তা মৃত্যুর হাত থেকে ৮২ শতাংশ সুরক্ষা প্রদান করে৷ দু'টি ডোজ নিলে তা ৯৫ শতাংশ সুরক্ষা দেয় মৃত্যুর হাত থেকে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে যখন সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছিলেন দেশজুড়ে, এই সমীক্ষাটি সেই সময়ে করা হয়েছে বলে জানা গিয়েছে।

ডেল্টার কারণেই বিশ্বে তৃতীয় ঢেউ?
বিশেষজ্ঞদের মতে, করোনার এই ডেল্টা স্ট্রেন শুধু ভারত নয়, গোটাবিশ্বের কাছে বড়সড় চ্যালেঞ্জ। এই স্ট্রেনের ফলেই বিশ্বের বিভিন্ন দেশে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ। ইতিমধ্যেই এই ঢেউয়ের আভাস দেখা দিচ্ছে ব্রিটেন, নেদারল্যান্ডস, স্পেন, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতে।












Click it and Unblock the Notifications