ডোকলাম বিতর্কের জের, হাইস্পিড ট্রেন প্রকল্প আটকে গেল ভারতে
হাই স্পিড রেল প্রকল্পের কাজ আটকে গিয়েছে দক্ষিণ ভারতে। ডোকলাম বিতর্কের পর চিনা রেলওয়ে কোনও সাড়া দিচ্ছে না।
বহুপ্রতীক্ষিত হাই স্পিড রেল প্রকল্পের কাজ আটকে গিয়েছে দক্ষিণ ভারতে। ডোকলাম বিতর্কের পর চিনা রেলওয়ে কোনও সাড়া দিচ্ছে না। এই প্রকল্পের সমস্ত পরীক্ষণ একবছর আগেই সেরে ফেলেছিল চিনা সংস্থা। তবে ডোকলাম বিতর্কের পর সমস্তটাই আটকে গিয়েছে।

চেন্নাই-ব্যাঙ্গালোর-মহীশূর রুটে ৪৯২ কিলোমিটার দীর্ঘ এই রেল প্রকল্প নিয়ে অনেকদূর কাজ এগোনোর পর এখন বহু চেষ্টা সত্ত্বেও চিনা রেলওয়ে-র কোনও সাড়া পাওয়া যাচ্ছে না।
কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের নভেম্বর মাসে চিনা সংস্থা ফাইনাল রিপোর্ট জমা করে। তবে মুখোমুখি বসে কথোপকথনের কথা ছিল। তবে দিনক্ষণ কিছু ঠিক হয়নি। তারপরই ঘটে যায় ডোকলাম বিতর্ক। তখন থেকেই চিনা রেলওয়ে সংস্থা এই প্রকল্প নিয়ে গা করছে না।
অথচ এমন হওয়ার কথা ছিল না। ২০১৪ সালে রেল প্রকল্প নিয়ে পরীক্ষা হওয়ার পরে ২০১৬ সালে তার রিপোর্ট পেশ করে সংস্থা। শুধু এই প্রকল্প নয়, অন্য আরও প্রকল্পে তাদের একসঙ্গে কাজ করার কথা রয়েছে। যদিও ডোকলাম বিতর্ক সামনে আসায় সবকিছু পাল্টে গিয়েছে।
শুধু দক্ষিণ ভারতের রেল প্রকল্পই নয়, মুম্বই-আহমেদাবাদ রেল প্রকল্পও চিনের করার কথা ছিল। তবে পরে ভারত-জাপান যৌথভাবে সেই প্রকল্প করছে। এছাড়া মুম্বই-দিল্লি সেক্টরেও হাই স্পিড রেল প্রকল্প গড়ার কথা চিনের। সেই সবই ডোকলামের জেরে বিশ বাঁও জলে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications