বাড়তি রাজস্ব লক্ষ্যে আরও বেশি মদের দোকান খোলার সিদ্ধান্ত সরকারের, তুলোধোনা বিজেপির
বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্যে মদ বিক্রিতে আরও বেশি করে জোর দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। আর তার জেরেই মধ্যপ্রদেশ কংগ্রেসকে প্রবল তুলোধোনা করলো বিজেপি। মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কংগ্রেস সরকারকে হুশিয়ারির সুরে বলেন, "মধ্যপ্রদেশকে মদিরা(মদ) প্রদেশ হতে দেবোনা আমরা।"

সাম্প্রতিক মধ্যপ্রদেশ সরকার বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্যে মদ বিক্রির জন্য অনুমোদন পত্র পাওয়ার পদ্ধতি আরও সহজ করে দিয়েছে। পর্যটন শিল্প স্বাস্থ্যের হাল ফেরাতে রাজ্যের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য সংলগ্ন রিসোর্ট গুলিতে আরও বেশি করে মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এছাড়াও জঙ্গল ও বনাঞ্চল গুলিতেও সরকারি অনুমোদন প্রাপ্ত মদের দোকানের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে রাজ্যে সরকার। তবে মদ খেয়ে অনেকেই রাস্তাঘাটে ঝঞ্ঝাট সৃষ্টি করতে দেখা যায়। সে কথা মাথায় রেখে প্রায় সমস্ত মদের দোকানেই বসে মদ খাওয়ার মতো 'বাড়তি সুবিধাও' দিতে চলেছে কংগ্রেস পরিচালিত মধ্যপ্রদেশ সরকার।
মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই প্রসঙ্গে বলেন "ধর্ষণের মতো বেশিরভাগ ঘটনাই লোকজন মদ্যপ অবস্থাতেই করে। সরকারের এই সিদ্ধান্ত রাজ্য জুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা বৃদ্ধিতে প্রত্যক্ষ মদত দেবে” কংগ্রেস শাসিত কোমল নাথ সরকারকে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, "রাজ্যে একটাও নতুন মদের দোকান খুলতে দেবেনা বিজেপি, বরং বর্তমান যে সমস্ত দোকান আছে সেগুলিও একটার পর একটা বন্ধ করবো আমরা।"
তবে ওই রাজ্যের কংগ্রেস নেতা ভূপেন্দ্র গুপ্ত বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে তীব্র ভাবে কটাক্ষ করেছেন। শিবরাজ সিং চৌহানের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, "তৃতীয় বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের সময় আপনি নিজেই মদের উপর নিষেধাজ্ঞা জারি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাহলে আপনি তখন এটার বাস্তবায়ন করেননি কেন ? কে করতে বাধা দিয়েছিল আপনাকে ?"
ওই কংগ্রেস নেতা আরও বলেন, "পরবর্তী সময়ে চৌহান নিজেই তার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নিজের কথাকে নিজেই অস্বীকার করেছে। 'মদ বাজে জিনিস' এটুকু বলেই দায় সেরেছে সে।" তিনি আরও দাবি করেছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মিথ্যা বলে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছেন।












Click it and Unblock the Notifications