উৎসবের মরশুমে থাকতে হবে সাবধান, করোনা ভাইরাসের রাশ সামলাতে প্রস্তুতি নিচ্ছে সরকার
করোনা ভাইরাসের রাশ সামলাতে প্রস্তুতি নিচ্ছে সরকার
করোনা ভাইরাসের তৃতীয় ওয়েভ নিয়ে চিন্তিত কেন্দ্র সরকার। বিশেষ করে উৎসবের মরশুমে করোনা সংক্রমণ যে বাড়তে পারে তা আগের বছরের অভিজ্ঞতাই জীবন্ত প্রমাণ। বৃহস্পতিবার ডাঃ ভিকে পাল এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে সরকার দৈনিক ৪.৫–৫ লক্ষ করোনা কেস সামলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

কেন্দ্র সরকার প্রস্তুতি নিচ্ছে
ডাঃ ভিকে পাল বলেন, '৭১ শতাংশ প্রথম ডোজের টিকা নেওয়ার পর ঠিক কতটা সময় পর এই সংখ্যায় পৌঁছাবে তা জানার জন্য আমাদের কাছে কোনও সরাসরি কোনও সূত্র নেই। তবে সরকার দৈনিক ৪.৫-৫ লক্ষ করোনা কেসের জন্য প্রস্তুতি সারছে।' অরুণাচল প্রদেশ ও অসমের কিছু জেলা সহ দেশের ২৮টি জেলায় কেস পজিটিভিটি হার ৫ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে রয়েছে, যা উচ্চ সংক্রমণ হার। অন্যদিকে ৩৪টি জেলায় সাপ্তাহিক পজিটিভ হার ১০ শতাংশের ওপর বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল।
উৎসবের মরশুমকে সামনে রেখে স্বাস্থ্য মন্ত্রক সতর্কতা জারি করে জানিয়েছেন যে দেশবাসী যেন অক্টোবর থেকে ডিসেম্বর একটু সতর্ক থাকেন এবং কোভিড-১৯ না ছড়াতে পারে এমনভাবে উৎসব পালন করতে হবে বলেও জানিয়েছেন যুগ্ম সচিব।

ভার্চুয়ালি যোগ দিন উৎসবে
এর আগে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেছিলেন, 'দুর্গাপুজো ও রামলীলাতে ভার্চুয়ালি যোগ দিন। দিওয়ালিতে প্রিয়জনের সঙ্গে অনলাইনে দেখা করুন।' প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে শুরু হল নয়দিনের নবরাত্রি উৎসব, যা দেশজুড়ে হিন্দুদের প্রধান উৎসব। স্বাস্থ্য সচিব এর আগেও বলেছিলেন যে করোনা ভাইরাস সংক্রমণ এড়ানোর জন্য মাস্ক পরে থাকা অত্যন্ত জরুরি। টিকাকরণ দেশবাসীর রক্ষা কবচ হিসাবে কাজ করবে। তিনি এও জানিয়েছেন যে উৎসব এবং বিয়ের মরসুম মন্দের উপর ভালোর জয়কে বোঝাবে। প্রসঙ্গত,
লাক্ষ্মাদ্বীপ, চণ্ডীগড়, গোয়া, হিমাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর এবং সিকিমে ১০০ শতাংশ জনসংখ্যার প্রথম ডোজের টিকাকরণ সম্পন্ন হয়ে গিয়েছে।

দেশে করোনা গ্রাফ কমেছে
যদিও উৎসবের মুখে স্বস্তি মিলল কিছুটা। দেশের করোনা রিপোর্টে আশার আলো। ২০৩ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। যদিও গতকালের থেকে সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। অন্যদিকে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় সাত মাস বাদে কোভিড গ্রাফ নেমেছে ২০ হাজারের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন এবং এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৭৭০ জন। এই সময়ে করোনা প্রাণ কেড়েছে ২৭৮ জনের। দেশে এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪৯ হাজার ৫৩৮ জন।












Click it and Unblock the Notifications