তিহার জেলে প্রথমবার একাসাথে ফাঁসি হতে চলেছে চার আসামীর
তিহার জেলে প্রথমবার একাসাথে ফাঁসি হতে চলেছে চার আসামীর
মঙ্গলবার নির্ভয়া ধর্ষণ কাণ্ডের সাথে জড়িত চার অপরাধীকে ফাঁসির আদেশ দিয়েছে দিল্লি আদালত। পবন গুপ্ত, মুকেশ সিং, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর নামের চার অপরাধীকে তিহার জেলে আগামী ২২শে জানুয়ারি সকাল ৭টায় ফাঁসিতে ঝোলানো হবে বলে জানিয়েছে আদালত।

তবে গত কয়েক দশকে একাধিক ফাঁসির সাক্ষী থেকেছে তিহার জেল। ১৯৭৮ সালে গীতা চোপড়া ও তার ভাই সঞ্জয় চোপড়াকে কিডন্যাপ করে নৃশংস ভাবে হত্যা করার জন্য কুলজিত সিং এবং জাসবির সিংকে গ্রেফতার করে ফাঁসির নির্দেশ দেওয়া হয়। ১৯৮২ সালে এই তিহার জেলেই ফাঁসি দেওয়া হয় ওই দুই অভিযুক্তের।
এরপর ১৯৭৩ এ বিদ্যা জৈন এর হত্যাকাণ্ডে জড়িত কুখ্যাত সুপারি কিলার কর্তার সিং ও উজগর সিংকে ১৯৮৩ সালে ফাঁসি দেওয়া হয় এই জেলেই। এর পরে ১৯৮৯ সালে কাশ্মীরি জঙ্গি মকবুল ভাটের ফাঁসির সাক্ষী থেকেছে তিহার জেল। ইন্দিরা গান্ধীর হত্যাকারী সতবন্ত সিং ও ষড়যন্ত্রকারী কেহার সিংকে ১৯৮৯ সালে ফাঁসি দেওয়া হয় এখানেই । সর্বশেষে ২০০১ সালের সংসদ হামলার মূল ষড়যন্ত্রকারী আফজাল গুরুকেও ২০১৩সালে ফাঁসি দেওয়া হয় এই তিহার জেলেই। এবার তিহারে এই প্রথম একসাথে চারজনকে ফাঁসি দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাত্রে দিল্লির একটি চলন্ত বাসে বছর তেইশের নির্ভয়াকে গণধর্ষণ, ভয়াবহ মারধর এবং যৌন অত্যাচার করে রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে গিয়েছিল ছ’জন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পরে অবশেষে ২৮শে ডিসেম্বর মৃত্যু হয় নির্ভয়ার। অভিযুক্ত ওই ছয়জন কে যৌন নিপীড়ন ও হত্যার অভিযোগে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাদের মধ্যে একজন নাবালক, এবং অন্য একজন তিহার জেলেই আত্মহত্যা করেন।












Click it and Unblock the Notifications