লালকেল্লা মেট্রো বিস্ফোরণে দোষীদের কি নিশ্চিত শাস্তি? প্রধানমন্ত্রী দিলেন কড়া বার্তা
দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর তদন্ত যেমন এগোচ্ছে, তেমনই ঘটনার নিন্দা করে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "এটা ভয়ঙ্কর ঘটনা। যাঁরা প্রভাবিত হয়েছেন, যাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত তাঁদের যন্ত্রণা আমি উপলব্ধি করতে পারছি। গোটা দেশ আজ তাঁদের পাশে আছে।"
প্রধানমন্ত্রী জানান, বিস্ফোরণের পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল। "এই ষড়যন্ত্রের শেষ পর্যন্ত পৌঁছানো হবে। যাঁরা দায়ী, তাঁদের বিচার নিশ্চিত করা হবে," একথা এদিন প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন।

উল্লেখযোগ্য ভাবে, এই বক্তব্যের মাঝেই তিনি হিন্দি থেকে হঠাৎ ইংরেজিতে বলেন, "All those responsible will be brought to justice." এর
আগেও, প্যাহেগ্রামের সন্ত্রাসী হামলার পর জাতির উদ্দেশে ভাষণে একইভাবে ভাষা বদলে তিনি বলেছিলেন "India will identify, track and punish every terrorist and their backers."
এর কিছুদিন পরেই পাকিস্তান ও পাকিস্তান ওকোপাইড কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে চালানো হয় প্রত্যাঘাতমূলক 'অপারেশন সিঁদুর ', যেখানে সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনী যুগ্মভাবে অভিযান চালায়।
সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে ধীরগতিতে চলা একটি গাড়িতে প্রবল বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন ২০ জনেরও বেশি। পর্যটকে ভরা ব্যস্ত সময়েই ঘটে এই ঘটনা।
তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরকে ব্যবহৃত হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল যা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
সূত্রের দাবি, বিস্ফোরণটি ঘটিয়েছেন মহম্মদ উমর, যিনি ফরিদাবাদের একটি টেরর মডেলের সঙ্গে যুক্ত বলে সন্দেহ। উল্লেখ্য, তিনি ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তদন্তকারীদের মতে, উমর তাঁর আরও দুই সহযোগীর সঙ্গে এই হামলার পরিকল্পনা করেছিলেন। তবে সোমবার তাঁদের গ্রেপ্তারের খবর পেয়ে আতঙ্কে উমর একাই আত্মঘাতী হামলা চালিয়ে দেয়। তিনি গাড়ির ভেতর ডেটোনেটর বসিয়ে বিস্ফোরণ ঘটান।
এখন পুরো মডেলটির বিস্তৃত যোগাযোগ, পাকিস্তানের সঙ্গে কোনও যোগ আছে কি না, নাশকতার কারণ সব কিছুই খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।
তবে প্রধানমন্ত্রীর বার্তা স্পষ্ট এই হামলার সঙ্গে যুক্ত কেউ রেহাই পাবে না।












Click it and Unblock the Notifications