২ বছর আগে দুই সন্তানকে হারিয়ে একইদিনে যমজ কন্যার অভিভাবক হলেন এই দম্পতি
যমজ কন্যার অভিভাবক হলেন এই দম্পতি
একেই হয়ত বলে মিরাকেল। ভগবান যখন একদিক থেকে কেড়ে নেয় তখন দ্বিতীয় দিকের আশার দরজা অবশ্যই যে খুলে দেয় সেটা এই ঘটনা প্রমাণ করল। এক দুর্ঘটনায় দুই মেয়েকে হারিয়েও ঠিক ২ বছর পর মা–বাবার কোল আলো করে ফিরে এল সেই দুই মেয়ে। বিশাখাপত্তনম দম্পতি যেইদিন তাঁদের দুই সন্তানকে নৌকা দুর্ঘটনায় হারালেন দু’বছর পর ঠিক সেইদিনই যমজ কন্যাসন্তানের অভিভাবক হলেন তাঁরা। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর টি অপলা রাজু ও ভাগ্যলক্ষ্মী এক নৌকা দুর্ঘটনায় তাঁদের দুই মেয়েকে হারিয়ে ফেলে। গোদাবরী নদীতে এই দুর্ঘটনা হয়েছিল। এই দুর্ঘটনায় অপলা রাজু তাঁর মাকেও হারিয়েছেন। এঁরা সকলে প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানার ভদ্রচলমের ভগবান রামের মন্দিরে যাচ্ছিলেন। সেই সময় নৌকা দুর্ঘটনা ঘটে।

ভাগ্যলক্ষ্মী এ প্রসঙ্গে বলেন, 'আমরা খুবই খুশী ও এটা ভগবানের আর্শীবাদ ছাড়া আর কিছুই নয়। আমার দুই মেয়ে আমার কাছে ফিরে এসেছে।’ ভাগ্যলক্ষ্মী ও তাঁর স্বামী, যিনি একটি কাঁচ তৈরির সংস্থায় কাজ করেন, গত বছর একটি প্রজনন ক্লিনিকে যান দ্বিতীয়বার অভিভাবক হওয়ার জন্য। দুই মেয়ের মৃত্যু শোক কিছুতেই যেন মন থেকে যাচ্ছিল না। বিশেষ করে ভাগ্যলক্ষ্মী অত্যন্ত ভেঙে পড়েছিলেন। মেয়ে হারানোর শোকে পাথর হয়ে যান তিনি।
গত ১৫ সেপ্টেম্বরই আইভিএফ পদ্ধতি ব্যবহার করে তাঁরা দু’জন যমজ কন্যা সন্তানের অভিভাবক হন। আবার ভাগষলক্ষ্মীর মুখে হাসি ফিরে আসে। ভাগ্যলক্ষ্মী বলেন, 'আমরা যমজ সন্তান আশা করিনি, কিন্তু এটা আমাদের কাছে ভগবানের বড় আশীর্বাদ।’ যমজ কন্যা সন্তানের ওজন যথাক্রমে ১.৯ কেজি ও ১.৬ কেজি এবং তারা স্বাস্থ্যবান হয়েছে বলে জানানো হয়েছে চিকিৎসকের পক্ষ থেকে। ডাঃ সুধা পদ্মশ্রী জানিয়েছেন যে এই কেসটা চ্যালেঞ্জ ছিল এবং অগ্রাধিকারও। ওই দম্পতি পূর্ণমাত্রায় সহযোগিতা করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেদিন তাঁরা তাঁদের দুই সন্তানকে হারিয়েছিলেন ঠিক সেইদিনই তাঁরা ফের যমজ দুই কন্যার মা–বাবা হলেন। এটা মিরাকেল ছাড়া আর কিছুই নয়, জানিয়েছেন চিকিৎসক।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর নৌকায় ৭৭ জন যাত্রী ছিলেন। অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার দেবীপত্তনম ব্লকের কাটচুলুরুর গোদাবরী নদীর ঘূর্ণায়মান জলে নৌকাটি দুর্ঘটনার মুখে পড়ে। এই ঘটনায় ৫১ জন নিহত হয়। ৭৭ জন যাত্রী রাজমুন্দ্রি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সুরম্য পর্যটন স্পট পাপিকোন্ডালুর দিকে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications