রুদ্রাভিষেকের মাধ্যমে অযোধ্যায় শুরু হল রাম মন্দির নির্মাণের কাজ
রুদ্রাভিষেকের মাধ্যমে অযোধ্যায় শুরু হল রাম মন্দির নির্মাণের কাজ
১১ লিটার দুধে স্নান করিয়ে মহাদেবের রুদ্রাভিষেকের মাধ্যমে অযোধ্যায় শুরু হল রাম মন্দির তৈরির কাজ। সূত্রের খবর, প্রায় ২৮ বছর বাদে বিতর্কিত রাম জন্মভূমি প্রাঙ্গণে কোনও ধর্মীয় অনুষ্ঠান শুরু হল এদিন। রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের অধ্যক্ষ মহন্ত নৃত্য গোপাল দাসের উত্তরাধিকারী মহন্ত কমল নয়ন দাস এদিনের রুদ্রাভিষেকের আয়োজন করেন।

ভক্তের বিশ্বাস রাম মন্দির নির্মাণের সময় কোনও রূপ বাধা রুখতেই এই বিশেষ আচারের আয়োজন। এদিকে গতবছর সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরেই মন্দির তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছিল গেরুয়া শিবির। এবার এদিন থেকে পুরোদমে শুরু হল সেই কাজ। এর আগে বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি যে নকশা দিয়েছিল সেই অনুযায়ী মন্দির তৈরি হবে বলে জানা যাচ্ছে।
এদিকে এদিন সকাল ৮ টায় প্রধান পুজো শুরু হয় বলে জানা যাচ্ছে। পুজোর সময়েই ১১ লিটার কালো গাইয়ের দুধ দিয়ে ভগবান শিবের অভিষেক করা হয়। এই মহাযজ্ঞের মাধ্যমেই রাম মন্দিরের সামনে থাকা সমস্ত বিপদ সরে যাবে মনে করছেন ভক্তকুল। এদিনই রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের বর্তমান মহন্ত কমল নয়ন দাস বেশ কিছু সাধু-সন্তদের সঙ্গে এই পুজোয় এসে রামলালা-র দর্শন করেনও বলে খবর। কুবের টোলে শিবেরও দর্শন হয়। শিবের অভিষেকের পরেই পুরো মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয়।












Click it and Unblock the Notifications