কনকনে শীতে কাঁপছে রাজধানী, ১৩ রাজ্যে জারি শৈত্যপ্রবাহের সতর্কতা
নতুন বছরের শুরুতেই কনকনে ঠান্ডার দাপটে বিপর্যস্ত দিল্লি ও সংলগ্ন এনসিআর এলাকা। মঙ্গলবার চলতি বছরের প্রথম 'কোল্ড ডে' রেকর্ড করল জাতীয় রাজধানী। সর্বোচ্চ তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা নেমে যাওয়ায় শীতের প্রকোপ আরও তীব্র হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) আগামী ২৪ ঘণ্টার জন্য উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিম ও পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও সিকিম এই মোট ১৩টি রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। উত্তর ও পার্বত্য রাজ্যগুলির বহু এলাকায় ইতিমধ্যেই 'কোল্ড ডে' পরিস্থিতি তৈরি হয়েছে ও বিভিন্ন জায়গায় তাপমাত্রা নতুন করে নেমে গেছে।

ঝাড়খণ্ডের গাড়ওয়া, পালামু, লাতেহার, লোহরদাগা, গুমলা ও চাত্রা জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে পশ্চিমবঙ্গেও শীতের দাপট ক্রমশ বাড়ছে। কলকাতা জানুয়ারি মাসের এখনও পর্যন্ত সবচেয়ে ঠান্ডা দিনের সাক্ষী হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েক দিনে রাজ্যের দক্ষিণাংশে শীত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, জানুয়ারি ৭ থেকে ৯ তারিখের মধ্যে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ের বিভিন্ন অংশে সকালবেলা ঘন কুয়াশার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী চার দিন ধরে বিচ্ছিন্ন এলাকায় কুয়াশা বজায় থাকতে পারে। একই সঙ্গে ৭ জানুয়ারি পশ্চিম রাজস্থানের কিছু অংশে সকালের দিকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান ও মুজাফ্ফরাবাদ অঞ্চলের বহু এলাকায় তাপমাত্রা ইতিমধ্যেই শূন্য ডিগ্রির নীচে নেমে গেছে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে তাপমাত্রা ঘোরাফেরা করছে ০ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার ও ওড়িশার বহু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রির মধ্যে রেকর্ড হয়েছে। দেশের সমতল অঞ্চলে সবচেয়ে কম তাপমাত্রা ধরা পড়েছে পশ্চিম মধ্যপ্রদেশের রাজগড়ে মাত্র ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৭ জানুয়ারি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications