জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে দুর্ঘটনাজনিত গ্রেনেড বিস্ফোরণ, মৃত্যু সেনা ক্যাপ্টেন ও নায়েব সুবেদারের
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে দুর্ঘটনাজনিত গ্রেনেড বিস্ফোরণ, মৃত্যু সেনা ক্যাপ্টেন ও নায়েব সুবেদারের
জম্মু ও কাশ্মীরে দুর্ঘটনাজনিত একটি গ্রেনেড বিস্ফোরণ হয়। ঘটনায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন এবং এক জুনিয়র কমিশনড অফিসারের মৃত্যু হয়েছে। রবিবার রাতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর মেনধার সেক্টরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরেই দ্রুত আহতদের হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁদের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাজনিত গ্রেনেড বিস্ফোরণ
সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার গভীর রাতে পুঞ্চের মেনধার সেক্টরে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় সেনাবাহিনীর সদস্যরা সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন। গ্রেনেড বিস্ফোরণটি দুর্ঘটনাবশত হয়েছে। এর সঙ্গে কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের কোনও যোগ নেই বলেই সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। ঘটনায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন ও এক জুনিয়র কমিশনড অফিসার গুরুতর আহত হন। দ্রুত তাঁদের হেলিকপ্টারে উধমপুরে সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁদের মৃত্যু হয়েছে।

পুলওয়ামায় জঙ্গি হামলা
রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলায় সিআরপিএফের এক আধিকারিকের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, রবিবার দুপুপ ২,১৫ মিনিটি নাগাদ হামলা হয়। পুলওয়ামায় গাঙ্গু ক্রসিং এলাকায় একটি চেক পয়েন্টে জঙ্গিরা গুলি চালায়। ওই চেক পয়েন্টটির দায়িত্বের জম্মু ও কাশ্মীরের পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা ছিলেন। জঙ্গি হামলার ফলে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সহকারী সাব ইন্সপেক্টর বিনোদ কুমার গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসাধীন অবস্থায় সিআরপিএফের ওই আধিকারিকের মৃত্যু হয়েছে। হামলার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি জানিয়েছেন, দেশের নিরাপত্তারক্ষীরা অপরাধীদের এর উপযুক্ত জবাব দেবেন।

দুর্ঘটনায় মৃত্যু সেনা সদস্যদের
মে মাসেই দুর্ঘটনার কবলে পড়ে সাত সেনার মৃত্যু হয়েছে। লাদাখের তুর্তুক সেক্টরে শ্যাওক নদীতে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গাড়িটি প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীরে পড়ে যায়। জানা যায় ২৬ জন সেনাবাহিনীকে নিয়ে একটি গাড়ি পারতাপুর ট্রান্সজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি শ্যাওক নদীতে পড়ে যায়। সেনা বাহিনীর ২৬ জন সদস্যই ঘটনায় আহত হয়েছিলেন। সেনা ফিল্ড হাসপাতালে তাঁদের চিকিৎসা শুরু হয়। বেশ কয়েকজন সেনার অস্ত্রোপচার হয়। আহত সেনাদের চিকিৎসার জন্য লেহ থেকে চিকিৎসকদের একটি দল নিয়ে আসা হয়। ঘটনায় সাত জন সেনার মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications