জেলের বাইরেই থাকবে অভিযুক্তরা, ন্যায় বিচার চেয়ে আজ ফের পথে কামদুনি
কামদুনির লড়াই আরও কঠিন হচ্ছে। এমনটাই মনে করছে নির্যাতিতার পরিবার। তবে কোনওরকম ভাবেই তারা ময়দান থেকে সরছে না। সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদনের প্রেক্ষিতে কিছু নির্দেশ দিয়েছে। তবে সেখানে দোষীদের কোনওরকম জেল হওয়ার ঘটনা নেই। ফের রাজপথে নামছে কামদুনি।
ষষ্ঠীর দিন বাংলার আকাশে বাতাসে উৎসবের আবহাওয়া। কিন্তু কামদুনি চোখের জলে মলিন হয়ে রয়েছে। ১০ বছর ধরে লড়াই চালাচ্ছে মৃতার পরিবার। কিন্তু সঠিক রায় তারা পাচ্ছে না বলে অভিযোগ। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গিয়েছিল। কিন্তু তাই নিয়েও একাধিক বিতর্ক তৈরি হয়েছে।

রাজ্য সরকার প্রথমে আবেদন করেছিল মুক্তি পাওয়া ব্যক্তিদের সকলকেই জেলে ঢোকাতে হবে। কিন্তু পরে সেই আবেদন থেকে তারা সরে আসে। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে এই মামলায়। তবে ছাড়া পাওয়া ব্যক্তিরা কেউ এখন গারদের ওপারে যাচ্ছেন না। পরিষ্কার হয়ে গিয়েছে এই কথা।
সুপ্রিম কোর্ট হাফ ডজন নির্দেশ দিয়েছে। জানানো হয়েছে, ছাড়া পাওয়া ব্যক্তিরা নিজেদের এলাকার বাইরে কোথাও যেতে পারবে না। সপ্তাহে নির্দিষ্ট দিনে তাদের থানায় হাজিরা দিতে হবে। শুধু তাই নয়, তারা যদি কোথাও যায়, তাহলে থানায় আগে জানাতে হবে। থানার অনুমতি নিয়ে সেখানে যেতে হবে। ফিরে এসে ফের থানায় সেই খবর দিতে হবে। শুধু তাই নয়, তাদের পাসপোর্ট থাকলে তা থানায় জমা রাখতে হবে। মৃতার পরিবারের কারোর সঙ্গে কোনওরকম যোগাযোগ করা যাবে না।
এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিলেও কোনওভাবে শান্ত হচ্ছে না কামদুনি। দিনের পর দিন তারা লড়াই করেছে সত্য ন্যায়ের জন্য। ফের সেই লড়াই জোরালোভাবে করা হবে। এবার কামদুনিতে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা সেই মিছিল ডেকেছেন।
নির্যাতিতার ভাই বাবা-মা ও অন্যান্যরা মিছিলে হাঁটবেন। মৌসুমি কয়াল, টুম্পা কয়াল, মাস্টারমশাই সহ অন্যান্য প্রতিবাদীরাও মিছিলে পা মেলাবেন। এ কথা বলার অপেক্ষা রাখে না। তবে কোনও রাজনৈতিক রঙ থাকবে না এই মিছিলে। এ কথাও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে প্রতিবাদীরা গিয়েছেন। তারা আলাদাভাবে এই মামলা লড়তে চান। এমনই জানিয়েছেন মৌসুমি, টুম্পা।












Click it and Unblock the Notifications